রাজধানীর গুলিস্তানে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) প্রধান কার্যালয় থেকে ২৮০–৩০০ জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন ডিএমপির মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) হারুন অর রশীদ।

শনিবার (২৬ সেপ্টেম্বর) সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, আটক ব্যক্তিদের বিষয়ে যাচাই-বাছাই শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ডিসি হারুন বলেন, পুলিশের কাছে তথ্য ছিল জাসদ এবং এর সঙ্গে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের সদস্যরা একত্র হয়ে নাশকতা বা অন্য কোনো অসৎ উদ্দেশ্যে সেখানে জড়ো হয়েছেন। খবর পাওয়ার পর পুলিশ প্রাথমিক ব্যবস্থা নেয়। স্থানীয় ছাত্র-জনতাও পুলিশকে সহযোগিতা করেছে বলে জানান তিনি।

citytouch 728-X-90

তিনি আরও বলেন, আটকদের কী উদ্দেশ্যে সেখানে জড়ো করা হয়েছিল, তাদের কাছে কী ধরনের তথ্য ছিল এবং সেখানে কী কর্মকাণ্ড হয়েছে এসব বিষয় যাচাই করা হচ্ছে। ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার বিষয়ে পুলিশের কাছে তথ্য রয়েছে বলেও জানান তিনি।

এর আগে, জাসদ কার্যালয়ে আওয়ামী লীগের চার শতাধিক নেতাকর্মী গোপন বৈঠক করছেন এমন খবরের ভিত্তিতে ভবনটি ঘেরাও করেন যুবদলের নেতাকর্মীরা। এ সময় জাসদ কার্যালয়ের বাইরে তারা বিভিন্ন স্লোগান দেন।

তবে আটকদের বিরুদ্ধে কোনো নির্দিষ্ট অপরাধ প্রমাণিত হয়েছে—এমন তথ্য এখনো পুলিশের বক্তব্যে পাওয়া যায়নি। যাচাই-বাছাই শেষে তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।