ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সাদিক কায়েমের জয়কে একসময় নিজেদের বিজয় হিসেবে দেখেছিলেন ইসলামি বক্তা রফিকুল ইসলাম মাদানী। তবে এবার ডাকসু নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কর্মকাণ্ডে নারীদের খেলাধুলা ও পোশাকের বিষয় নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। একই সঙ্গে এসব বিষয়ে আলেমদের স্পষ্ট বক্তব্য দেওয়ার আহ্বান জানিয়েছেন।

রোববার (২৬ অক্টোবর) নিজের ফেসবুক পোস্টে রফিকুল ইসলাম মাদানী বলেন, সাদিক কায়েমের নির্বাচনী জয়কে তিনি নিজেদের বিজয় মনে করে উচ্ছ্বসিত হয়েছিলেন। তাঁর দাবি, ডাকসুতে সাদিক কায়েম ও এস এম ফরহাদের নেতৃত্বে সিট বাণিজ্য বন্ধ, যোগ্যতার ভিত্তিতে সিট দেওয়া, বৃষ্টিতে ছাত্রীদের জন্য যানবাহন ও গরমে সুপেয় পানির ব্যবস্থাসহ বিভিন্ন কাজ হয়েছে।

তবে নারীদের খেলাধুলা আয়োজনের প্রসঙ্গ তুলে তিনি বলেন, বিষয়টি শুধু খেলাধুলার নয়; পোশাক ও এসব আয়োজনকে প্রকাশ্যে উৎসাহ দেওয়ার বিষয়েও তাঁর আপত্তি রয়েছে। তাঁর মতে, সাদিক কায়েমকে অনুসরণ করা তরুণীরা এসব কর্মকাণ্ডকে কীভাবে দেখবে, সেটিও বিবেচনায় নেওয়া প্রয়োজন।

citytouch 728-X-90

রফিকুল ইসলাম মাদানী আরও বলেন, এ বিষয়ে তিনি কয়েকজন ইসলামি বক্তা ও আলেমের সুস্পষ্ট বক্তব্য প্রত্যাশা করেন, যাতে সাদিক কায়েমসহ সংশ্লিষ্টরা সতর্ক হতে পারেন। একই সঙ্গে তিনি বলেন, শুধু উন্নয়নমূলক কর্মকাণ্ড দিয়ে কাউকে সমর্থনের বিষয়টি দেখলে হবে না; তাঁর কাছে আদর্শ ও ধর্মীয় বিধানও গুরুত্বপূর্ণ।

তার পোস্টের শেষাংশে তিনি পশ্চিমা দেশ ও তাদের নীতির সমালোচনা করে ক্ষমতায় যাওয়ার রাজনীতিতে ইসলামী বিষয়গুলোকে গৌণ না করার আহ্বান জানান। এসব বক্তব্য রফিকুল ইসলাম মাদানীর ব্যক্তিগত রাজনৈতিক ও ধর্মীয় অবস্থান হিসেবে উপস্থাপিত হয়েছে।