সাইবার অপরাধ মোকাবিলায় বাংলাদেশ পুলিশে আলাদা ‘সাইবার সিকিউরিটি ইউনিট’ গঠনের ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। শনিবার (২৬ সেপ্টেম্বর) রাজধানীতে পুলিশ পদক বিতরণ অনুষ্ঠানে তিনি জানান, আগামী সপ্তাহে ইউনিটটি গঠনের উদ্যোগ নেওয়া হবে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশ সদর দপ্তরে একজন অতিরিক্ত আইজিপির নেতৃত্বে ইউনিটটি পরিচালিত হবে। প্রয়োজন হলে এ জন্য নতুন পদও সৃষ্টি করা হবে।
তিনি জানান, নতুন ইউনিটের মেট্রো, বিভাগ ও জেলা পর্যায়ে শাখা থাকবে। থানা ও জেলা পর্যায়ে সাইবার নিরাপত্তা কার্যক্রমের জন্য আধুনিক যন্ত্রপাতি রাখা হবে। আর বড় আকারের ফরেনসিক ল্যাব ও প্রয়োজনীয় প্রযুক্তিগত সহায়তা থাকবে সদর দপ্তর ও বিভাগীয় পর্যায়ে।
জটিল সাইবার অপরাধের তদন্ত ও বিশ্লেষণ কেন্দ্রীয় পর্যায়ে করা হবে। আর থানা, জেলা বা বিভাগীয় পর্যায়ে বিশ্লেষণ সম্ভব এমন বিষয়গুলো সেখানেই নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হবে বলে জানান মন্ত্রী।
এর আগে ২১ সেপ্টেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে স্বতন্ত্র সাইবার পুলিশ ইউনিট গঠনে নীতিগত অনুমোদন দেওয়া হয়। প্রাথমিকভাবে পুলিশের বিদ্যমান জনবল ও সরঞ্জাম ব্যবহার করে ইউনিটটির কার্যক্রম শুরু করার কথা জানানো হয়েছে।স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সাইবার স্পেসকে কেন্দ্র করে অপরাধ ও স্ক্যামের প্রবণতা বাড়ছে।
এ কারণে সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোকে গুরুত্ব দেওয়া হচ্ছে।










