সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গ তুলে ‘ডিসেম্বর নয়, বুকের পাটা থাকলে এখন আসেন’ মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। বুধবার (২৩ সেপ্টেম্বর) কিশোরগঞ্জ জেলা বিএনপির বিক্ষোভ মিছিল-পরবর্তী সমাবেশে তিনি এ কথা বলেন।

পরিকল্পিত সন্ত্রাস, নৈরাজ্য ও দেশকে অস্থিতিশীল করার অভিযোগের প্রতিবাদে জেলা বিএনপি শহরের রথখলা থেকে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কালিবাড়ী মোড়সংলগ্ন চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।

citytouch 728-X-90

সমাবেশে ইয়াসের খান চৌধুরী বলেন, “ডিসেম্বর নয়, বুকের পাটা থাকলে এখন আসেন। এখন দেখতে চাই।” তিনি শেখ হাসিনাকে উদ্দেশ করে আরও বলেন, “আসেন, ফাঁসির কাষ্ঠে ঝোলার জন্য আসেন।” এসব বক্তব্য তিনি শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গেই দেন।

দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে প্রতিমন্ত্রী অভিযোগ করেন, পালিয়ে যাওয়া আওয়ামী লীগের নেতারা দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছেন। তিনি বলেন, নৈরাজ্য ও সন্ত্রাস সৃষ্টির যেকোনো প্রচেষ্টা মোকাবিলা করা হবে এবং সংশ্লিষ্টদের আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করা হবে।

তিনি আরও বলেন, এ ধরনের বিচারের জন্য ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে চান না। আইনের আওতায় এনে দ্রুত বিচার করার কথাও জানান তিনি।

সমাবেশে কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. মাজহারুল ইসলাম ও কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. জালাল উদ্দিনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।