নিষিদ্ধ ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক ও বর্তমান কোনো নেতাকর্মীর চাকরি হবে না বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কবি জসীম উদ্দীন হল ছাত্রদলের আহ্বায়ক শেখ তানভীর বারী হামিম। শুক্রবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া পোস্টে তিনি এ মন্তব্য করেন।

ফেসবুক পোস্টে হামিম লিখেছেন, “সাবেক ও বর্তমান ছাত্রলীগের কোনো চাকরি হবে না, সাবেক ও বর্তমান ছাত্রলীগের সমাজ হবে না, সাবেক ও বর্তমান ছাত্রলীগের কোনো সামাজিকতা হবে না।” এর কারণ হিসেবে তিনি ছাত্রলীগকে দেশের শত্রু বলে মন্তব্য করেন।

citytouch 728-X-90

তিনি আরও বলেন, ছাত্রলীগের নেতাকর্মীদের হাতে শহীদ আনাস ও আবরার ফাহাদের রক্ত রয়েছে। একই সঙ্গে তিনি বলেন, কোনো দেশপ্রেমিক ও মেধাবী মানুষ যেন হেনস্তার শিকার না হন।

পোস্টে হামিম ছাত্রশক্তি ও ইসলামী ছাত্রশিবির নিয়েও মন্তব্য করেন। তিনি সাবেক ছাত্রলীগের পুনর্বাসন ও আশ্রয় দেওয়ার অভিযোগ তুলে তাদের ‘দেশপ্রেমিকতার পরিচয়’ দেওয়ার আহ্বান জানান এবং জুলাইয়ের আন্দোলনের সঙ্গে ‘বেইমানি’ না করার কথা বলেন।

উল্লেখ্য, শেখ তানভীর বারী হামিম ২০২৫ সালের ডাকসু নির্বাচনে ছাত্রদল-সমর্থিত প্যানেল থেকে জিএস পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। ২০২৬ সালের মার্চে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে সাময়িক অব্যাহতি দেওয়া হলেও মে মাসে সেই অব্যাহতি প্রত্যাহার করে তাকে পুনর্বহাল করে ছাত্রদল।