নাটোরে খেলাধুলাকে কেন্দ্র করে বায়েজিদ বিন মাহমুদ নামে ৮ বছরের এক শিশুর ডান হাতের আঙুল কেটে দেওয়ার অভিযোগ উঠেছে পুলিশ কনস্টেবল শাকিলের বিরুদ্ধে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে শহরের বড়হরিশপুর পশ্চিম চেয়ারম্যানপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

শিশুটির বাবা মাহমুদুল হাসান মিলনের অভিযোগ, আগের রাতে ভাড়াটিয়া পরিবারের শিশুদের মধ্যে খেলাধুলা নিয়ে হাতাহাতি হয়। দুই শিশুর মা বিষয়টি মীমাংসাও করেন। তবে এর জেরে বৃহস্পতিবার দুপুরে কনস্টেবল শাকিল তাঁর ছেলেকে জোর করে নিজের কক্ষে নিয়ে গিয়ে বটি দিয়ে আঙুল কেটে দেন বলে অভিযোগ করেন তিনি।

citytouch 728-X-90

শিশুটির কান্নার শব্দ শুনে স্বজনরা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নেন। পরে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

অভিযুক্ত শাকিল নাটোর পুলিশ সুপারের কার্যালয়ে কর্মরত এবং বড়হরিশপুর পশ্চিম চেয়ারম্যানপাড়া এলাকায় শিশুটির বাড়ির দ্বিতীয় তলায় ভাড়া থাকতেন বলে জানা গেছে।

নাটোর সদর থানার ওসি মনসুর আলী জানান, অভিযোগ পাওয়ার পর পুলিশ কনস্টেবল শাকিল ও তাঁর স্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার সকাল ৯টার দিকে তাদের আদালতে পাঠানো হয়। ঘটনার তদন্ত চলছে।