ফুটবল বিশ্বকাপ শেষ হলেও ফুটবলপ্রেমীদের অংশগ্রহণ ও আগ্রহকে উৎসাহিত করতে ইউএস-বাংলা এয়ারলাইনস ও ঢাকা ফ্ল্যাশের যৌথ উদ্যোগে আয়োজিত ‘বিশ্বকাপ কুইজ প্রতিযোগিতা’র ফলাফল ঘোষণা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে লটারির মাধ্যমে দুই বিজয়ীর নাম ঘোষণা করা হয় এবং তাদের জন্য রিটার্ন বিমান টিকিট প্রদান করা হয়।
রোববার (২ আগস্ট) রাজধানীতে ঢাকা ফ্ল্যাশ কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে কুইজ প্রতিযোগিতার বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।
প্রতিযোগিতায় প্রথম বিজয়ী হয়েছেন এস আর মুনতাসির রহমান। তিনি ইউএস-বাংলা এয়ারলাইনসের সৌজন্যে ঢাকা-কক্সবাজার-ঢাকা রুটের একটি রিটার্ন বিমান টিকিট পেয়েছেন। দ্বিতীয় বিজয়ী তারেক আজিজ পেয়েছেন ঢাকা-সিলেট-ঢাকা রুটের একটি রিটার্ন বিমান টিকিট। বিজয়ীদের পক্ষে টিকিট গ্রহণ করেন ঢাকা ফ্ল্যাশের সম্পাদক জয়ন্ত কর্মকার।
অনুষ্ঠানে বক্তব্যে ঢাকা ফ্ল্যাশের সম্পাদক জয়ন্ত কর্মকার বলেন, বিশ্বকাপ উপলক্ষে ঢাকা ফ্ল্যাশের আয়োজন ‘ওয়ার্ল্ড কাপ ক্রেজ’ দেশ-বিদেশের দর্শকদের কাছে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। এই ধারাবাহিকতা ধরে রাখতে বিশেষ কোনো টুর্নামেন্টকে কেন্দ্র করে নয়, সারা বছরই ফুটবল, ক্রিকেটসহ বিভিন্ন খেলাধুলা নিয়ে নিয়মিত অনুষ্ঠান প্রচার করবে ঢাকা ফ্ল্যাশ।
তিনি জানান, আগামী সপ্তাহ থেকে খেলাধুলার সংবাদ ও বিশ্লেষণভিত্তিক ‘স্পোর্টস ক্রেজ’ এবং ‘বিয়ন্ড ফুটবল’ নামে দুটি নতুন অনুষ্ঠান প্রচার শুরু হবে।
ইউএস-বাংলা এয়ারলাইনসের জেনারেল ম্যানেজার (জনসংযোগ) মো. কামরুল ইসলাম বলেন, বিশ্বকাপ উপলক্ষে বিভিন্ন উদ্যোগের সঙ্গে ইউএস-বাংলা সম্পৃক্ত ছিল। ঢাকা ফ্ল্যাশের ‘ওয়ার্ল্ড কাপ ক্রেজ’-এর মতো দর্শকপ্রিয় আয়োজনের অংশীদার হতে পেরে প্রতিষ্ঠানটি আনন্দিত। ভবিষ্যতেও ঢাকা ফ্ল্যাশের খেলাধুলাবিষয়ক এবং অন্যান্য ইতিবাচক উদ্যোগে সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যাশার কথাও জানান তিনি।
স্বনামধন্য ক্রীড়া উপস্থাপক ফয়সাল তিতুমীরের সঞ্চালনায় অনুষ্ঠানে ইউএস-বাংলা এয়ারলাইনস ও ঢাকা ফ্ল্যাশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।







