আশুলিয়ার জামগড়া এলাকায় একটি পোশাক কারখানার লরিতে থাকা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকে অগ্নিকাণ্ডের ঘটনায় ৬ জন নিহত ও ১২ জন আহত হয়েছেন।

রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় জামগড়া এলাকায় প্রীতি গ্রুপের একটি পোশাক কারখানায় এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, আগুনে তিনজন দগ্ধ হয়েছেন। তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে। আহত আরও ১২ জনকে স্থানীয় নারী ও শিশু হাসপাতালে ভর্তি করা হয়েছে।

citytouch 728-X-90

এ ঘটনায় ৬ জন নিহত হওয়ার তথ্য নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস। তবে তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের পরিচয় জানা যায়নি।

অগ্নিকাণ্ডের সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।