ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে দুই কারাবন্দির মৃত্যু হয়েছে। মৃতরা হলেন ইফতেখার মাহমুদ (৩৬) ও তোফাজ্জল হোসেন পলাশ (৩৮)। বুধবার (২৩ সেপ্টেম্বর) রাতে পৃথক সময়ে তাদের মৃত্যু হয়।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. সেলিম হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। ময়নাতদন্তের জন্য তাদের মরদেহ ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
কারা ও হাসপাতাল সূত্রে জানা যায়, ইফতেখার মাহমুদ মিরপুর থানার একটি বিচারাধীন মামলায় কারাবন্দি ছিলেন। তার বন্দি নম্বর হাজতি-২৯৬৯২/২৬। ঢাকা কেন্দ্রীয় কারাগার (কেরানীগঞ্জ) থেকে অসুস্থ অবস্থায় গত ১৯ সেপ্টেম্বর তাকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়। মেডিসিন বিভাগে চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাত ৯টার দিকে তার মৃত্যু হয়।
ইফতেখার মিরপুরের পীরেরবাগ এলাকার মাহবুব আলমের ছেলে।
অন্যদিকে, বুধবার রাত সাড়ে ১১টার দিকে তোফাজ্জল হোসেন পলাশ (৩৮) কে অসুস্থ অবস্থায় ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে ঢামেক হাসপাতালে আনা হয়। কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন। কারা সূত্র জানায়, তিনি দারুস সালাম থানার একটি মামলায় সাজাপ্রাপ্ত বন্দি ছিলেন। তার বন্দি নম্বর কয়েদি-৪৫৬৫/এ।
তোফাজ্জল হোসেন পলাশ মিরপুরের দারুস সালাম থানার বাঘবাড়ী এলাকার আলী হোসেনের ছেলে।










