জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রভাবের অজুহাতে বাড়ছে নিত্যপণ্যের খরচ আয়ের সঙ্গে ব্যয়ের সামঞ্জস্য হারিয়ে চাপে সাধারণ মানুষ থেকে উচ্চ-মধ্যবিত্ত।

নিত্যপণ্যের বাজারে দাম বৃদ্ধির চাপ এখন আর শুধু নিম্নআয়ের মানুষের মধ্যে সীমাবদ্ধ নেই, উচ্চ-মধ্যবিত্তরাও এর বাইরে নন। মাস শেষে বেতন হাতে আসার পরও অনেক পরিবারের হিসাব মিলছে না। আয় বাড়ার তুলনায় জীবনযাত্রার ব্যয় দ্রুত বেড়ে যাওয়ায় সঞ্চয় তো দূরের কথা, দৈনন্দিন প্রয়োজন মেটাতেই হিমশিম খেতে হচ্ছে অনেককে।

জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর পরিবহন ও উৎপাদন ব্যয় বাড়ার প্রভাব বাজারে পড়বে এটি স্বাভাবিক। কিন্তু প্রতিটি পণ্যের দাম বাড়ানোর ক্ষেত্রে একই যুক্তি কতটা প্রযোজ্য, সেটিই এখন বড় প্রশ্ন। কারণ বাজারে এমন পরিস্থিতি তৈরি হয়েছে, যেখানে এক পণ্যের দাম বাড়ার সঙ্গে সঙ্গে অন্য অনেক পণ্যের দামও বাড়ছে।

citytouch 728-X-90

সবচেয়ে উদ্বেগের বিষয়, দাম বাড়ানোর ক্ষেত্রে যেন কার্যকর কোনো নিয়ন্ত্রণ নেই। কোথাও পরিবহন খরচ, কোথাও উৎপাদন ব্যয়, আবার কোথাও সরবরাহ সংকটের অজুহাত দেখিয়ে বাড়তি দাম নেওয়া হচ্ছে। কিন্তু দাম বাড়ার প্রকৃত কারণ, পাইকারি ও খুচরা পর্যায়ের ব্যবধান কিংবা অতিরিক্ত মুনাফার বিষয়টি কতটা নজরদারিতে আছে তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।

এ অবস্থায় শুধু বাজারে অভিযান চালিয়ে পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব নয়। পণ্য সরবরাহব্যবস্থা, পাইকারি-খুচরা মূল্য, পরিবহন ব্যয় ও মজুত পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণের পাশাপাশি অযৌক্তিক মূল্যবৃদ্ধির বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা প্রয়োজন। একই সঙ্গে বাজার নিয়ন্ত্রণে দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলোর জবাবদিহিও নিশ্চিত করতে হবে।

নিত্যপণ্যের বাজারে লাগামহীন মূল্যবৃদ্ধি চলতে থাকলে এর সবচেয়ে বড় চাপ পড়বে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের ওপর। তাই প্রশ্নটা শুধু ‘দাম কেন বাড়ছে’ নয়—প্রশ্ন হলো, দাম বৃদ্ধির এই প্রবণতায় লাগাম টানবে কে?