আসিয়ান কাপে নিজেদের প্রথম ম্যাচে মালয়েশিয়ার কাছে ৩-০ গোলে হারের পর ঘুরে দাঁড়ানোর লক্ষ্য বাংলাদেশের। পরের ম্যাচে প্রতিপক্ষ সিঙ্গাপুর যাদের বিপক্ষে গত এক বছরে দুই ম্যাচ খেলে দুবারই হেরেছে লাল-সবুজের দল।

এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে সিঙ্গাপুরের বিপক্ষে ঘরের মাঠে ২-১ গোলে এবং অ্যাওয়ে ম্যাচে ১-০ গোলে হেরেছিল বাংলাদেশ। দুটি ম্যাচেই খেলেছিলেন কানাডা প্রবাসী মিডফিল্ডার সমিত সোম। এবার সেই হারের জবাব দিতে চান তিনি।

বাফুফের পাঠানো ভিডিও বার্তায় সমিত বলেন, “অতীতে তাদের কাছে আমরা দুবার হেরেছি, তাই এবার একটা প্রতিশোধ নেওয়ার তাগিদ আছে।” সিঙ্গাপুরের বিপক্ষে আগের ম্যাচগুলো বিশ্লেষণ করে তাদের আক্রমণ ঠেকানো এবং নিজেদের সুযোগ কাজে লাগানোর প্রস্তুতি নেওয়ার কথাও জানান তিনি।

citytouch 728-X-90

বাংলাদেশের মতো সিঙ্গাপুরও আসিয়ান কাপে প্রথম ম্যাচে হেরেছে। ইন্দোনেশিয়ার কাছে ২-০ গোলে হেরে টুর্নামেন্ট শুরু করেছে তারা। ফলে দুই দলের কাছেই পরের ম্যাচটি গুরুত্বপূর্ণ। ম্যাচটি আগামীকাল বেলা ৩টায় অনুষ্ঠিত হবে।

মালয়েশিয়ার বিপক্ষে পারফরম্যান্স নিয়ে হতাশা থাকলেও অতীত ভুলে সামনে তাকাতে চান সমিত। তার ভাষায়, “এখন পুরো ফোকাস সিঙ্গাপুর ম্যাচ ঘিরে। কালকের ম্যাচে ভালো করার এবং কাঙ্ক্ষিত ফল পাওয়ার দারুণ এক তাড়না কাজ করছে সবার মধ্যে।”

ফিফার কোনো টুর্নামেন্টে বাংলাদেশের প্রথম অংশগ্রহণ হওয়ায় এই আসরকে নিজেদের উন্নতির সুযোগ হিসেবেও দেখছেন ২৮ বছর বয়সী এই মিডফিল্ডার। তবে সিঙ্গাপুরকে সহজ প্রতিপক্ষ ভাবছেন না তিনি। ফিফা র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে ৩৩ ধাপ এগিয়ে থাকা দলটির প্রতি পূর্ণ সম্মান রেখে নিজেদের সুযোগ কাজে লাগানোর প্রত্যয় জানিয়েছেন সমিত।