রাষ্ট্র ও জনগণের প্রয়োজন হলে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে যৌথ বাহিনী মোতায়েন করা হতে পারে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সচিবালয়ের তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে যৌথ বাহিনীর কোনো অভিযান পরিচালনার পরিকল্পনা আছে কি না—এমন প্রশ্নের জবাবে তথ্য উপদেষ্টা বলেন, বর্তমানে পুলিশ বাহিনী তাদের কার্যক্রম আরও বাড়াচ্ছে। তবে রাষ্ট্র ও জনগণের প্রয়োজনে পরিস্থিতি নিয়ন্ত্রণে যৌথ বাহিনী নামানো হতে পারে।

citytouch 728-X-90

দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি বলেন, গত ছয় মাসের সঙ্গে আগের ছয় মাসের তুলনা করলে দেখা যাবে, কিছু অপরাধ কমেছে আবার কিছু অপরাধ বেড়েছেও। তবে সামগ্রিকভাবে পরিস্থিতি খুব খারাপ অবস্থায় রয়েছে—এমনটি তিনি মনে করেন না।

ডা. জাহেদ উর রহমান বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে এবং সংশ্লিষ্ট বাহিনীগুলো তাদের দায়িত্ব পালন করছে।

এদিকে দেশে এলপিজি গ্যাসের কোনো সংকট নেই বলেও জানিয়েছেন তিনি।

তিনি জানান, গত আগস্ট মাসে দেশে ১ লাখ ৫৭ হাজার ৭৬০ মেট্রিক টন এলপিজি আমদানি হয়েছে। চলতি সেপ্টেম্বর মাসে এখন পর্যন্ত আমদানি হয়েছে ১ লাখ ১৮ হাজার মেট্রিক টন এলপিজি।

তথ্য উপদেষ্টা বলেন, দেশে পর্যাপ্ত এলপিজি মজুত রয়েছে। এরপরও কেউ অসৎ উদ্দেশ্যে এলপিজি মজুত করে কৃত্রিম সংকট বা জনঅসন্তোষ তৈরির চেষ্টা করলে সরকার ব্যবস্থা নেবে।