প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে ইতিবাচক আলোচনা চলছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন দুজনেই। বৈঠক শেষে প্রতিমন্ত্রী বলেন, সফর নিয়ে নানা গুঞ্জন থাকলেও বাস্তবতার নিরিখে কাজ করছে সরকার। দুই দেশের মধ্যে কিছু বিদ্যমান চ্যালেঞ্জ রয়েছে। পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে একটি অনুকূল পরিবেশ তৈরি হলে আলোচনার মাধ্যমে সফরের তারিখ নির্ধারণ করা হবে। এদিকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বলেন, প্রধানমন্ত্রীর ভারত সফরের আমন্ত্রণ এখনো উন্মুক্ত রয়েছে এবং এ নিয়ে কোনো তাড়াহুড়ো নেই। দুই দেশের সরকারপ্রধানের সুবিধাজনক ও উপযুক্ত সময়েই বৈঠকটি অনুষ্ঠিত হবে। তিনি আরও বলেন, বৈঠকে কোনো নির্দিষ্ট বিষয়ে বিস্তারিত আলোচনা হয়নি; মূলত সৌজন্য সাক্ষাৎ ও দুই দেশের সম্পর্কের নানা দিক নিয়ে কথা হয়েছে। জুলাই মাসে ভারতের পক্ষ থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ জানানো হয়েছিল। সে সময় পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান জানিয়েছিলেন, আমন্ত্রণটি বাংলাদেশ সরকার পর্যালোচনা করছে। ভারতীয় গণমাধ্যমে নভেম্বরে সফরের সম্ভাবনা নিয়ে খবর এলেও দীনেশ ত্রিবেদী নির্দিষ্ট কোনো সময়সূচি নিশ্চিত করেননি।