অনলাইন ফ্যাশন পেজ থেকে শাড়ি নিয়ে প্রতারণা ও বিশ্বাসভঙ্গের মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিনের মেয়াদ বাড়িয়েছেন অভিনেত্রী তানজিন তিশা।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দীনের আদালতে আত্মসমর্পণ করে জামিন বর্ধিতের আবেদন করেন তিনি। শুনানি শেষে আদালত তার জামিনের মেয়াদ বাড়ানোর আদেশ দেন বলে জানিয়েছেন তিশার আইনজীবী নিহার হোসেন ফারুক।

মামলার অভিযোগ অনুযায়ী, অনলাইন ফ্যাশন পেজ ‘অ্যাপোনিয়া’ থেকে ২৮ হাজার ৮০০ টাকা দামের একটি শাড়ি নেন তানজিন তিশা। পরে শাড়িটি ফেরত না দেওয়ার অভিযোগে প্রতিষ্ঠানটির প্রশাসক আমিনুল ইসলাম ২০২৫ সালের নভেম্বরে তার বিরুদ্ধে মামলা করেন।

citytouch 728-X-90

অভিযোগের সত্যতা পাওয়ার পর তদন্তকারী সংস্থা ডিবি পুলিশ আদালতে প্রতিবেদন জমা দেয়। এরপর গত ১৩ আগস্ট ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালতে আত্মসমর্পণ করে জামিন নেন তানজিন তিশা।

মঙ্গলবার মামলার অভিযোগ গঠনের বিষয়ে শুনানির দিন ধার্য ছিল। এদিন সকাল ১১টা ৪০ মিনিটের দিকে আদালতে উপস্থিত হন তিনি।

শুনানিতে বাদীপক্ষের আইনজীবী জহিরুল হাসান মুকুল অভিযোগ করেন, জামিন পাওয়ার পর তানজিন তিশা তার ভেরিফায়েড পেজ থেকে আইনজীবী সম্পর্কে আপত্তিকর মন্তব্য করেছেন। পরে আদালত অভিযোগটি পিটিশন আকারে জমা দেওয়ার নির্দেশ দেন।

পরে আদালত তানজিন তিশার জামিন বর্ধিত করেন এবং অভিযোগ গঠনের শুনানি পেছানোর জন্য আসামিপক্ষের আবেদন মঞ্জুর করেন। তবে পরবর্তী শুনানির তারিখ এখনো নির্ধারণ করা হয়নি।

এদিকে, অভিযোগ অস্বীকার করে এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে তানজিন তিশা দাবি করেছিলেন, শাড়িটি তাকে উপহার হিসেবে দেওয়া হয়েছিল।