ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অভিনেতা ও কবি রিফাত চৌধুরীকে আর্থিক সহায়তা করার দাবি করেছিলেন চিত্রনায়ক জায়েদ খান। তবে সেই দাবি সরাসরি অস্বীকার করে জায়েদ খানকে ‘অসৎ’ ও ‘প্রতারক’ বলে মন্তব্য করেছেন রিফাত চৌধুরী।

রিফাত গণমাধ্যমকে বলেন, জায়েদ খান তাঁকে কোনো আর্থিক সহায়তা করেননি। তাঁর দাবি, জায়েদ তাঁকে সহায়তা করেছেন—এমন খবরও সত্য নয়। এ ধরনের খবর কীভাবে বা কারা প্রকাশ করছে, তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

citytouch 728-X-90

অন্যদিকে জায়েদ খানের বক্তব্য, রিফাত তাঁদের সিনিয়র শিল্পী। বিপদের সময়ে সহকর্মী হিসেবে তাঁর পাশে দাঁড়ানো দায়িত্ব মনে করেন তিনি। নিজের সামর্থ্য অনুযায়ী রিফাতের চিকিৎসায় সহায়তা করার চেষ্টা করেছেন বলেও দাবি করেন জায়েদ।

দুই শিল্পীর পরস্পরবিরোধী বক্তব্যের মধ্যে বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মন্তব্য করেছেন অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়। তিনি প্রশ্ন তুলেছেন, জায়েদ সহায়তা করলে ভালো, না করলেও সমস্যা নেই—তবে এ নিয়ে পরস্পরবিরোধী খবর কেন প্রকাশিত হচ্ছে এবং মূল ঘটনা কী, সেটি পরিষ্কার হওয়া দরকার।

এদিকে রিফাত চৌধুরী বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন ইউনিট-৩-এ চিকিৎসাধীন। দীর্ঘদিন ধরে শারীরিক জটিলতায় ভুগছেন তিনি। তাঁর চিকিৎসায় অভিনয়শিল্পী সংঘসহ শোবিজ অঙ্গনের বিভিন্ন ব্যক্তি ও সংগঠন পাশে দাঁড়ানোর কথা জানিয়েছে।