শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আগামী অক্টোবরে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের একাংশের জন্য টানা ৭ দিনের ছুটির সুযোগ তৈরি হয়েছে। তবে এ সুবিধা সবার জন্য প্রযোজ্য নয়।

সরকারি ছুটির তালিকা অনুযায়ী, ২০ অক্টোবর মঙ্গলবার মহানবমী উপলক্ষে নির্বাহী আদেশে এবং ২১ অক্টোবর বুধবার বিজয়া দশমী উপলক্ষে সাধারণ ছুটি থাকবে। অর্থাৎ দুর্গাপূজায় সরকারি ছুটি দুই দিন।

এর আগে ১৮ অক্টোবর রোববার মহাসপ্তমী ও ১৯ অক্টোবর সোমবার মহাষ্টমী উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী সরকারি কর্মকর্তা-কর্মচারীরা ঐচ্ছিক ছুটি নিতে পারবেন। ফলে ১৮ থেকে ২১ অক্টোবর পর্যন্ত টানা চার দিনের ছুটি পাওয়া যাবে।

citytouch 728-X-90

এর সঙ্গে ২২ অক্টোবর বৃহস্পতিবার একদিন ছুটি নিলে এরপর ২৩ ও ২৪ অক্টোবর শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি যুক্ত হবে। এতে ১৮ থেকে ২৪ অক্টোবর—টানা ৭ দিন ছুটি কাটানোর সুযোগ তৈরি হবে।

তবে এই ৭ দিনের সুবিধা সনাতন ধর্মাবলম্বী সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ক্ষেত্রেই প্রযোজ্য। অন্য সরকারি চাকরিজীবীরা দুর্গাপূজা উপলক্ষে নির্ধারিত সরকারি ছুটি পাবেন, কিন্তু সংশ্লিষ্ট ঐচ্ছিক ছুটি নেওয়ার সুযোগ তাদের নেই।

ব্যাংকও কি বন্ধ থাকবে?

বাংলাদেশ ব্যাংকের ২০২৬ সালের ছুটির তালিকায় ২০ ও ২১ অক্টোবর দুর্গাপূজা উপলক্ষে দুই দিনের ব্যাংক ছুটি নির্ধারিত রয়েছে। পাশাপাশি শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি।

জরুরি সেবায় ছুটি ভিন্ন হতে পারে

সরকারি ছুটি থাকলেও হাসপাতাল, পুলিশ, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ, গ্যাস, পানি সরবরাহসহ জরুরি ও অত্যাবশ্যকীয় সেবার কর্মীদের দায়িত্ব পালন করতে হতে পারে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রয়োজন অনুযায়ী ডিউটি নির্ধারণ করবে।

অন্যদিকে বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান ও অন্যান্য সংস্থার ছুটি তাদের নিজস্ব ক্যালেন্ডার ও সিদ্ধান্ত অনুযায়ী নির্ধারিত হবে।