টিকটক ভিডিও বানাতে ১০ টাকা দেওয়ার কথা বলে পুকুরে ঝাঁপ দিতে শিশুকে উৎসাহিত করার অভিযোগে ময়মনসিংহের ফুলপুরে আব্দুল হাকিম (২৫) নামে এক টিকটকারকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রায় দেড় বছর আগে ঘটে যাওয়া ওই ঘটনায় শুক্রবার (২৫ সেপ্টেম্বর) তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, ২০২৫ সালের ২৯ মার্চ সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার রূপসী ইউনিয়নের পাতিলগাঁও এলাকায় টিকটক ভিডিও বানানোর সময় সাত বছরের সৌরভ ক্ষত্রিয়কে ১০ টাকা দেওয়ার কথা বলে একটি পরিত্যক্ত পুকুরে ঝাঁপ দিতে বলেন হাকিম। শিশুটি পানিতে ঝাঁপ দেওয়ার পর পানির নিচে থাকা লোহার তারকাঁটায় পা আটকে গুরুতর আহত হয় বলে পুলিশের ভাষ্য।
পুলিশের দাবি, ঘটনার বিষয়টি কাউকে না জানাতে শিশুটিকে নিষেধ করেছিলেন হাকিম। পরে সৌরভের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে নেওয়া হয়। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৪ এপ্রিল শিশুটির মৃত্যু হয়।
ফুলপুর থানার ওসি মোহাম্মদ ফিরোজ হোসেন জানান, ঘটনার পর সৌরভের মা রানু ক্ষত্রিয় থানায় মামলা করেন। মামলার পর অভিযুক্ত হাকিম দীর্ঘদিন পলাতক ছিলেন। শুক্রবার তাকে গ্রেপ্তারের পর আদালতে পাঠানো হয়েছে বলে জানান ওসি।










