আদালতের গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত এক আসামিকে গ্রেপ্তারের পর বদলগাছী থানার উপপরিদর্শক (এসআই) অসিত কুমারকে পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়েছে।

পুলিশের দাবি, প্রথমবার অভিযান চালানোর সময় আসামিকে পালিয়ে যাওয়ার সুযোগ দেওয়ায় তার বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে স্থানীয়ভাবে বিষয়টি নিয়ে নানা আলোচনা তৈরি হয়েছে।

গ্রেপ্তার হওয়া রাকিবুল হাসান বদলগাছী উপজেলার কোলা ইউনিয়নের আক্কেলপুর গ্রামের বাসিন্দা। তিনি নিষিদ্ধ ঘোষিত বদলগাছী উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি বলে জানিয়েছে পুলিশ। তার বিরুদ্ধে সিআর মামলা নম্বর ২২২/২৫-এ আদালতের গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।

citytouch 728-X-90

পুলিশ সূত্র জানায়, গত ১০ সেপ্টেম্বর ভোরে নিজ বাড়ি থেকে রাকিবুলকে গ্রেপ্তার করা হয়। অভিযানে ছিলেন এসআই অসিত কুমার। এর আগে ভান্ডারপুর বাজারে তাকে গ্রেপ্তারের চেষ্টা করা হয়েছিল।

এসআই অসিত কুমার বলেন, গ্রেপ্তারি পরোয়ানা থাকায় রাকিবুলকে ধরতে অভিযান চালানো হয়। ভান্ডারপুর বাজারে তাকে আটক করার চেষ্টা করা হলেও তিনি অন্য একটি মোটরসাইকেলে করে চলে যান। পরে রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

তিনি জানান, প্রথম দফায় তাকে ছেড়ে দেওয়ার অভিযোগও উঠেছিল। তবে কে বা কারা এমন অভিযোগ করেছেন, তা তিনি জানেন না।

বদলগাছী থানার ওসি মুহাম্মদ রুহুল আমিন বলেন, “প্রথমে ছাত্রলীগনেতাকে পেয়ে রেখে আসছে এমন একটি অভিযোগ পুলিশ সুপারের কাছে যাওয়ার পর তাকে প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়।”

নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, প্রথমবার গ্রেপ্তারের সময় আসামিকে পালিয়ে যাওয়ার সুযোগ দেওয়া হয়েছিল। এ কারণেই এসআই অসিত কুমারকে পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়েছে।

তিনি আরও বলেন, বিষয়টি এলাকায় হওয়া আলোচনা-সমালোচনার সঙ্গে সম্পর্কিত নয়; দায়িত্ব পালনে আরও সতর্ক থাকার কারণেই এ ব্যবস্থা নেওয়া হয়েছে। পরে ওই এসআই নিজেই রাকিবুলকে গ্রেপ্তার করেন।