কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন অভিনেত্রী সাদিয়া আয়মান। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি ঘটনাটিকে ‘হৃদয়বিদারক’ ও ‘সম্পূর্ণ অগ্রহণযোগ্য’ বলে মন্তব্য করেছেন।
নিজের ফেসবুক পোস্টে সাদিয়া আয়মান লেখেন, সালমান মুক্তাদিরের স্টুডিওতে যা ঘটেছে, তা অত্যন্ত হৃদয়বিদারক ও অগ্রহণযোগ্য। তাঁর মতো একজন মানুষের সঙ্গে এমন ঘটনা কোনোভাবেই কাম্য নয় বলেও মন্তব্য করেন তিনি।
ঘটনার পাশাপাশি দেশে চাঁদাবাজি ও বিভিন্ন কর্মকাণ্ড নিয়েও ক্ষোভ প্রকাশ করেন এই অভিনেত্রী। পোস্টে তিনি লেখেন, ‘এত অশিক্ষিত, চাঁদাবাজ দিয়ে দেশটা ভরে গেছে’ এমন মন্তব্যের মাধ্যমে তিনি নিজের অসন্তোষ প্রকাশ করেন।
পোস্টের শেষাংশে ঘটনাটিকে ‘চরম লজ্জার’ ও ‘ধিক্কারজনক’ বলে উল্লেখ করেন সাদিয়া। পরে পোস্টের মন্তব্যের ঘরেও সমালোচকদের উদ্দেশে প্রতিক্রিয়া জানান তিনি। তাঁর দাবি, যাদের উদ্দেশ্যে পোস্টটি করা হয়েছিল, তাদেরই কেউ কেউ চাঁদাবাজদের পক্ষে অবস্থান নিয়ে মন্তব্য করছেন।
সাদিয়া আরও মন্তব্য করেন, এসব বক্তব্য ও মন্তব্য ভবিষ্যতে সংশ্লিষ্ট ব্যক্তিদের পরিবারের সদস্যদের কাছেও দৃশ্যমান থাকবে। তাঁর পোস্ট ও মন্তব্য প্রকাশ্যে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে।
এর আগে ইসিবি চত্বর এলাকায় সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ওঠে। ঘটনাটি নিয়ে পুলিশ তদন্ত করছে এবং কয়েকজনকে গ্রেপ্তারও করা হয়েছে।










