যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে ভারতের মতোই কৌশলগত স্বায়ত্তশাসনের কূটনৈতিক পথে এগোচ্ছে বলে মন্তব্য করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।
একই সঙ্গে তিনি বলেছেন, বহুমুখী আন্তর্জাতিক অংশীদারিত্ব বজায় রাখার ক্ষেত্রে ওয়াশিংটনের বৈদেশিক নীতিতেও একটি পরিবর্তন দেখা যাচ্ছে।
সোমবার নিউইয়র্কে এশিয়া সোসাইটি আয়োজিত এক অনুষ্ঠানে মার্কিন যুক্তরাষ্ট্রের পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় বিষয়ক সাবেক সহকারী সচিব ড্যানিয়েল রাসেলের সঙ্গে আলোচনাকালে এসব কথা বলেন জয়শঙ্কর।
বর্তমান বৈশ্বিক ভূরাজনৈতিক পরিস্থিতি তুলে ধরে ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেন, অতীতে ভারত যে ধরনের কূটনৈতিক অবস্থান নিয়েছিল, বর্তমানে যুক্তরাষ্ট্রও অনেকটা একই ধরনের নীতি অনুসরণ করছে।
তিনি বলেন, ভারত যেমন চীনের সঙ্গে সম্পর্ক বজায় রেখেছে, একই সঙ্গে রাশিয়া, ইউক্রেন, এশিয়া ও ইউরোপের অন্যান্য দেশের সঙ্গেও কাজ করে এসেছে। এখন যুক্তরাষ্ট্রও বিভিন্ন দেশের সঙ্গে নিজস্ব স্বার্থ বিবেচনায় সম্পর্ক পরিচালনা করছে।
আলোচনায় ড্যানিয়েল রাসেল বহুমুখী কূটনীতি নিয়ে প্রশ্ন তুললে জয়শঙ্কর বলেন, জটিল ও কখনো কখনো পরস্পরবিরোধী আন্তর্জাতিক সম্পর্ক পরিচালনার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রও বর্তমানে একই ধরনের বাস্তববাদী কূটনীতি অনুসরণ করছে।
তিনি বলেন, বিশ্ব রাজনীতিতে বড় ধরনের পরিবর্তন এসেছে। এখন দেশগুলো আগের মতো কূটনৈতিক অবস্থান লুকিয়ে রাখছে না; বরং নিজেদের জাতীয় স্বার্থের ভিত্তিতে বিভিন্ন দেশের সঙ্গে প্রকাশ্য সম্পর্ক বজায় রাখছে।
জয়শঙ্করের মতে, বর্তমান পরিস্থিতিতে প্রতিটি দেশই নিজের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে এবং পরিবর্তিত বৈশ্বিক বাস্তবতায় বিভিন্ন সুযোগ কাজে লাগানোর চেষ্টা করছে।










