সরকারি হাসপাতালে সন্তান জন্ম দিলেই নবজাতককে এক গ্রাম ওজনের ২২ ক্যারেট সোনার আংটি দেওয়ার প্রকল্প চালু করেছে ভারতের তামিলনাড়ু সরকার। সোমবার (২৮ সেপ্টেম্বর) মাদুরাইয়ের সরকারি রাজাজি হাসপাতালে ‘থাই মামান থাঙ্গা মোথিরাম থিট্টাম’ বা ‘মাতুলের সোনার আংটি প্রকল্প’ উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী সি. জোসেফ বিজয়।
সরকারি তথ্য অনুযায়ী, ২২ জুন ২০২৬ থেকে সরকারি হাসপাতালে জন্ম নেওয়া শিশুরা এ সুবিধার আওতায় আসবে। প্রথম ধাপে ১ লাখ ২৮ হাজার সোনার আংটি প্রস্তুত করা হয়েছে। প্রতিটি আংটিতে আলাদা সিরিয়াল নম্বর থাকবে এবং নিরাপদ বিশেষ প্যাকেটে তা দেওয়া হবে।
প্রকল্পটির জন্য বছরে ৭৫৫ কোটি ৮৩ লাখ রুপি বরাদ্দ রাখা হয়েছে। সরকারি হাসপাতাল ও নির্ধারিত কেন্দ্রগুলোতে যোগ্য নবজাতকদের হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়ার সময় আংটি দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।
এই সুবিধা পেতে শিশুর মাকে তামিলনাড়ুর স্থায়ী বাসিন্দা হতে হবে এবং গর্ভাবস্থা ও শিশুর তথ্য PICME/RCH ব্যবস্থায় নিবন্ধিত থাকতে হবে। সরকারি ভাষ্য অনুযায়ী, নিরাপদ প্রাতিষ্ঠানিক প্রসব উৎসাহিত করা এবং তামিল সংস্কৃতির ‘মাতুলের উপহার’ ঐতিহ্যকে প্রতিফলিত করাই প্রকল্পটির অন্যতম উদ্দেশ্য।
তবে প্রকল্পটি নিয়ে প্রশ্নও উঠেছে। বিরোধী ডিএমকের নেতারা জীবনযাত্রার ব্যয় ও কৃষকদের সংকটের মতো বিষয় সামনে এনে বিনামূল্যে সোনার আংটি দেওয়ার বদলে অন্য খাতে অর্থ ব্যয়ের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন। প্রকল্পের জন্য চিকিৎসাসামগ্রী কেনাকাটার সঙ্গে যুক্ত সরকারি সংস্থাকে ব্যবহার নিয়েও প্রশ্ন উঠেছে।










