সাংবাদিকদের ক্ষেত্রে চূড়ান্ত হওয়ার অপেক্ষায় থাকা ‘সাইবার সুরক্ষা (সংশোধন) আইন, ২০২৬’-এর অপপ্রয়োগ চান না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সোমবার (২৮ সেপ্টেম্বর) সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে খসড়া আইন নিয়ে গণমাধ্যমের শীর্ষ ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। মতবিনিময় শেষে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, "আমরা মিডিয়াকে টার্গেট করে এই আইনটা করতে চাইনি, চাই না এবং কোনো সাংবাদিক এটার শিকার হোক, এই আইন অপপ্রয়োগ হোক, সেটা আমরা চাই না।" সাংবাদিকদের অন্যায়ভাবে ক্ষতিগ্রস্ত হওয়া ঠেকাতে তাদের বিরুদ্ধে পদক্ষেপ ও গ্রেপ্তারের আগে আদালতের অনুমতি নেওয়ার প্রস্তাব এসেছে বলে জানান তিনি। প্রস্তাবটি তাঁর কাছে উপযুক্ত মনে হয়েছে। আগামী ১৫ দিনের মধ্যে আসা সুপারিশগুলোর মধ্যে এটি অন্তর্ভুক্ত করা হবে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইনটি যেন নিপীড়নমূলক কোনো আইনে পরিণত না হয়, সেজন্য সমাজের সর্বস্তরের মতামত নেওয়া হচ্ছে। খসড়া বিলটি ওয়েবসাইটে প্রকাশের পর বিভিন্ন প্রতিষ্ঠান, মানবাধিকার সংগঠন ও শিক্ষকসহ অনেকে মতামত দিয়েছেন বলে জানান তিনি। ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জানানো হয়, আপিল নিষ্পত্তির ক্ষেত্রে নির্দিষ্ট সময়সীমা দেওয়ার প্রস্তাব করা হয়েছে। এর ফলে কোনো ব্যক্তি অনির্দিষ্টকাল ঝুলে থাকবেন না। সুপারিশ সমন্বয়ের জন্য পিআইওকে ফোকাল পয়েন্টের দায়িত্ব দেওয়া হয়েছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ৭ থেকে ১৫ দিনের মধ্যে সুপারিশ পাওয়ার আশা করছেন তিনি। এরপর সংশোধিত খসড়া ওয়েবসাইটে প্রকাশ করে মতামত নেওয়া হবে, পরে আন্তঃমন্ত্রণালয় সভা শেষে মন্ত্রিসভায় পাঠানো হবে। মন্ত্রিসভা অনুমোদন করলে বিল আকারে তা সংসদে যাবে।









