দেশে হামের পরিস্থিতি উদ্বেগজনক অবস্থায় রয়েছে। গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৩৪১ শিশুর শরীরে হাম উপসর্গ শনাক্ত হয়েছে।


রোববার (২৭ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হামের পরিস্থিতিবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

citytouch 728-X-90


প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ২২৮ শিশুকে হাম উপসর্গ নিয়ে শনাক্ত করা হয়েছে। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত দেশে হাম উপসর্গে শনাক্ত শিশুর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৮৮ হাজার ২৮ জনে।


এ সময়ের মধ্যে পরীক্ষায় নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে ২১ হাজার ২১২ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় নতুন করে নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে ১১৩ শিশু।


স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, গত ১৫ মার্চ থেকে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত হাম উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ৬৬ হাজার ৩১০ শিশু। চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ১ লাখ ৫৯ হাজার ৫১৯ শিশু।


তবে মৃত্যুর সংখ্যাও বাড়ছে। গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে ৯ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে ১৫ মার্চ থেকে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত হাম উপসর্গে মোট ৯৯৫ শিশুর মৃত্যুর তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।


অন্যদিকে, পরীক্ষায় নিশ্চিত হামে গত ২৪ ঘণ্টায় কোনো মৃত্যুর তথ্য পাওয়া যায়নি। তবে ১৫ মার্চ থেকে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত নিশ্চিত হাম রোগে আক্রান্ত হয়ে ১০১ শিশুর মৃত্যু হয়েছে।


স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে হাম উপসর্গের সন্দেহভাজন রোগী ও পরীক্ষায় নিশ্চিত রোগীর তথ্য আলাদাভাবে প্রকাশ করা হচ্ছে। ফলে উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা এবং পরীক্ষায় নিশ্চিত হামে মৃত্যুর সংখ্যা এক নয়।