গ্যাস ও বিদ্যুৎ সংকটের স্থায়ী সমাধানে সরকার কাজ করছে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান। তিনি বলেন, এক থেকে দুই বছরের মধ্যে দেশে এমন বিদ্যুৎ পরিস্থিতি তৈরি করা হবে, যাতে এক মিনিটের জন্যও বিদ্যুৎ না যায়।
শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে টাঙ্গাইলের সখীপুর উপজেলার কালিয়া বাজারে বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকটের জন্য আগের আওয়ামী লীগ সরকারকে দায়ী করে মন্ত্রী বলেন, তাদের রেখে যাওয়া সমস্যার মধ্যেই বর্তমান সরকার কাজ করছে। উচ্চমূল্যে বিদ্যুৎ আনার নামে আগের সরকার হাজার হাজার কোটি টাকা অনিয়ম করেছে বলেও অভিযোগ করেন তিনি।
আহমেদ আযম খান জানান, সাগর থেকে তেল-গ্যাস উত্তোলনের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি বিদ্যমান বিদ্যুৎকেন্দ্রের সঙ্গে নতুন কেন্দ্র স্থাপন এবং বিদেশ থেকে উচ্চমূল্যে বিদ্যুৎ আমদানির পরিবর্তে দেশে উৎপাদন বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান তিনি।
মতবিনিময় সভায় বিএনপির নেতা-কর্মীদের উদ্দেশে তিনি বলেন, দলের কেউ চাঁদাবাজি, টেন্ডারবাজি, দখলবাজি, তদবিরবাজি কিংবা জুলুম-নির্যাতনে জড়ালে সরাসরি তাকে জানাতে। মন্ত্রীর ভাষায়, “কোনো জোর-জবরদস্তি চলবে না, চাঁদাবাজি চলবে না।”
এর আগে মন্ত্রী সখীপুরে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন করেন এবং পরে বিভিন্ন এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন।










