দেশে হামের সংক্রমণ নিয়ন্ত্রণে আবারও শুরু হচ্ছে বিশেষ হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন। শনিবার (২৬ সেপ্টেম্বর) শুরু হয়ে এ কর্মসূচি চলবে ৩১ অক্টোবর পর্যন্ত। এতে ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী প্রায় ৩৪ লাখ শিশুকে টিকা দেওয়ার লক্ষ্য নেওয়া হয়েছে।
স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, নিয়মিত টিকাদান কর্মসূচি ও এর আগে ৫ এপ্রিল থেকে ২০ মে পর্যন্ত চলা হাম-রুবেলা ক্যাম্পেইনে বাদ পড়া শিশুদেরও এবার টিকার আওতায় আনা হবে।
রাজধানীর টিঅ্যান্ডটি খেলার মাঠে শনিবার দেশব্যাপী বিশেষ হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬-এর উদ্বোধন করবেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। অনুষ্ঠানে স্বাস্থ্য প্রতিমন্ত্রী এম এ মুহিত উপস্থিত থাকবেন।
শিশু বিশেষজ্ঞরা বলছেন, নিয়মিত টিকাদান সূচি অনুযায়ী এমআর টিকার ডোজ নেওয়ার পাশাপাশি ক্যাম্পেইনের অতিরিক্ত ডোজও শিশুদের দেওয়া উচিত। বাংলাদেশ শিশু হাসপাতালের পরিচালক অধ্যাপক মির্জা মোহাম্মদ জিয়াউল ইসলাম জানান, বাদ পড়া শিশুদের টিকার আওতায় আনতেই এ ‘মপআপ’ কর্মসূচি নেওয়া হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, মার্চের শুরুতে দেশে হামের প্রাদুর্ভাব দেখা দেওয়ার পর সাত মাসেও পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। এ সময়ে হামের উপসর্গ নিয়ে চিকিৎসা নিতে এসেছে ১ লাখ ৮৫ হাজার ৮৩৩ জন। এর মধ্যে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ২১ হাজার ১৫ জনের। হামের উপসর্গ নিয়ে ৯৮৩ জন এবং নিশ্চিত হাম আক্রান্ত ১০১ জনসহ মোট ১ হাজার ৮৪ জনের মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক প্রভাত চন্দ্র বিশ্বাস বলেন, হামের প্রাদুর্ভাব মোকাবিলায় টিকাদানই প্রধান উপায়। নিয়মিত ইপিআই কর্মসূচির পাশাপাশি বিশেষ ক্যাম্পেইনের মাধ্যমে ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী সব শিশুকে টিকার আওতায় আনার লক্ষ্য রয়েছে।










