জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে অংশগ্রহণ শেষে পাঁচ দিনের নিউইয়র্ক সফর শেষ করে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার স্থানীয় সময় রাতে তিনি নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দুবাই হয়ে ঢাকার উদ্দেশে রওনা হন বলে জানিয়েছে প্রধানমন্ত্রীর দপ্তর ।ফ্লাইটটি ২৬ সেপ্টেম্বর রাত ৮টায় দুবাই পৌঁছানোর কথা রয়েছে। সেখান থেকে রাত ২টায় ঢাকার উদ্দেশে রওয়ানা হয়ে ২৭ সেপ্টেম্বর সকাল ৮টা ৪০ মিনিটে প্রধানমন্ত্রীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে। প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী এ তথ্য জানিয়েছেন।
প্রধানমন্ত্রীর সঙ্গে তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান ও সফরসঙ্গীরা রয়েছেন। সফরকালে তিনি প্রথমবারের মতো ইউএনজিএর সাধারণ বিতর্কে বাংলায় ভাষণ দেন। ভাষণে বৈশ্বিক শান্তি ও নিরাপত্তা, জলবায়ু পরিবর্তন, টেকসই উন্নয়ন, অর্থনৈতিক সহযোগিতা ও রোহিঙ্গা সংকটসহ বিভিন্ন বিষয়ে বাংলাদেশের অবস্থান তুলে ধরেন।
রোহিঙ্গা সংকট নিয়ে আয়োজিত উচ্চপর্যায়ের বৈঠকসহ বিভিন্ন কর্মসূচিতেও অংশ নেন প্রধানমন্ত্রী। তিনি জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসসহ বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান এবং আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন।
সফরে বাংলাদেশ-তুরস্ক, বাংলাদেশ-কুয়েতসহ দ্বিপক্ষীয় সম্পর্ক, বাণিজ্য, বিনিয়োগ, জনশক্তি ও অর্থনৈতিক সহযোগিতা নিয়ে বিভিন্ন বৈঠক অনুষ্ঠিত হয়। কুয়েতের ক্রাউন প্রিন্সের সঙ্গেও বাণিজ্য, বিনিয়োগ ও জনশক্তি রপ্তানি নিয়ে আলোচনা হয়েছে।
এ ছাড়া জলবায়ু পরিবর্তন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, মাতৃ ও নবজাতক স্বাস্থ্য এবং আন্তর্জাতিক উন্নয়ন সহযোগিতা নিয়ে একাধিক উচ্চপর্যায়ের বৈঠকে অংশ নেন প্রধানমন্ত্রী। সফরের বিভিন্ন কর্মসূচিতে বাংলাদেশের উন্নয়ন অগ্রাধিকার ও আন্তর্জাতিক সহযোগিতার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি।










