ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দুই শিক্ষার্থীকে আপত্তিকর অবস্থায় আটক করেছে স্থানীয়রা। পরে তাদের বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসে নেওয়া হলে উভয়েই বিয়েতে সম্মতি দেন। পরিবারের উপস্থিতিতে শনিবার তাদের বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকসংলগ্ন একটি মেসের পাশের নির্জন এলাকা থেকে তাদের আটক করা হয়। পরে নিরাপত্তাকর্মীদের মাধ্যমে তাদের প্রক্টর অফিসে নেওয়া হয়।

জানা গেছে, ওই ছাত্র ২০২৩-২৪ শিক্ষাবর্ষের এবং ছাত্রী ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। স্থানীয়দের অভিযোগ, তারা কিছুদিন ধরে ওই এলাকায় নিয়মিত বসতেন। শুক্রবার রাতে তাদের আপত্তিকর অবস্থায় দেখতে পেয়ে স্থানীয়রা আটক করেন। এ সময় ছাত্রকে মারধর এবং টাকা দাবির অভিযোগও করেছেন দুই শিক্ষার্থী।

citytouch 728-X-90

পরে প্রক্টর অফিসে জিজ্ঞাসাবাদে তারা বিষয়টি স্বীকার করেছেন বলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়। মুচলেকায় দুজন জানান, পরিবারের সম্মতিতে তারা বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন। শনিবার উভয় পরিবারের উপস্থিতিতে বিয়ের ব্যবস্থা করার কথা রয়েছে।

ইবি প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান বলেন, দুই শিক্ষার্থীকে জিজ্ঞাসাবাদ করা হলে তারা বিষয়টি স্বীকার করেন এবং বিয়েতে সম্মতি জানান। তাদের বাবা-মাকে ডেকে এনে বিয়ের ব্যবস্থা করা হবে। তিনি আরও জানান, ওই ছাত্রী যে মেসে থাকেন, সেই মেস মালিককেও তলব করা হবে। কারণ বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্ত অনুযায়ী রাত সাড়ে ৮টার মধ্যে মেসগুলো বন্ধ রাখার কথা।