কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের সম্ভাব্য অপব্যবহার নিয়ে সতর্ক করেছেন মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটস। তাঁর আশঙ্কা, অসৎ উদ্দেশ্যসম্পন্ন মানুষের হাতে অত্যাধুনিক এআই প্রযুক্তি গেলে ভয়াবহ ক্ষয়ক্ষতি এমনকি ১০০ কোটি মানুষের প্রাণহানির মতো পরিস্থিতিও তৈরি হতে পারে।
এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে গেটস বলেন, এআইয়ের ঝুঁকি কোনোভাবেই উপেক্ষা করা উচিত নয়। তাঁর মতে, অত্যাধুনিক এআইয়ের সঙ্গে অসৎ উদ্দেশ্যসম্পন্ন মানুষের সমন্বয়ের মতো শক্তিশালী কোনো হাতিয়ার আগে ছিল না।
এআই ব্যবহারে ঝুঁকি কমাতে সরকার, আইনপ্রণেতা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলোকে প্রযুক্তি খাতের সঙ্গে যুক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন গেটস। তাঁর মতে, এআই ব্যবহারে নিরাপত্তাব্যবস্থা ও নজরদারি নিশ্চিত করতে কিছু বাধ্যতামূলক ব্যবস্থা প্রয়োজন।
এদিকে, ২৩ সেপ্টেম্বর প্রকাশিত অ্যালান টিউরিং ইনস্টিটিউটের এক প্রতিবেদনে ফ্রন্টিয়ার এআইয়ের বিভিন্ন ঝুঁকি তুলে ধরা হয়েছে। প্রতিষ্ঠানটি বলেছে, আগামী পাঁচ বছরের মধ্যে মানুষের সব গুরুত্বপূর্ণ জ্ঞানগত কাজে সক্ষমতাকে ছাড়িয়ে যেতে পারে—এমন ‘সুপারইন্টেলিজেন্ট’ এআই তৈরির বাস্তবসম্মত সম্ভাবনা রয়েছে। তবে প্রতিষ্ঠানটি একই সঙ্গে জানিয়েছে, দীর্ঘমেয়াদি অস্তিত্বগত ঝুঁকি নিয়ে বিশেষজ্ঞদের মধ্যে এখনো ঐকমত্য নেই।
প্রতিবেদনে সাইবার হামলা, গণতান্ত্রিক স্থিতিশীলতা, মানব নিয়ন্ত্রণ হারানো এবং রাসায়নিক ও জৈবিক ঝুঁকির কথা উল্লেখ করা হয়েছে। অ্যালান টিউরিং ইনস্টিটিউট বলছে, এসব ঝুঁকি মোকাবিলায় গবেষণা, নিয়ন্ত্রণব্যবস্থা, প্রযুক্তির যাচাই এবং আন্তর্জাতিক সহযোগিতা প্রয়োজন।










