পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় শারদীয় দুর্গাপূজার নির্মাণাধীন প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে। শুক্রবার গভীর রাতে দেবীদুবা ইউনিয়নের গালান্ধি চৌরঙ্গী শ্রীশ্রী দুর্গা মন্দিরে এ ঘটনা ঘটে।
দেবীগঞ্জ থানার ওসি মো. মুসা মিয়া জানান, পূজামণ্ডপে প্রতিমা তৈরির কাজ শেষে পুরোহিত ও কারিগররা চলে যাওয়ার পর রাত ১২টার পর কোনো একসময় প্রতিমার দুটি অংশ ভাঙচুর করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
স্থানীয় বাসিন্দা দুজয় চন্দ্র মানিকের ভাষ্য, রাতের আঁধারে কে বা কারা প্রতিমার মহিষ ও ময়ূরের অংশ ভেঙে রেখে যায়। বিষয়টি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
এ ঘটনায় মন্দিরের সাধারণ সম্পাদক রাধানাথ বর্মন বাদী হয়ে দেবীগঞ্জ থানায় মামলা করেছেন। পুলিশ জানিয়েছে, মণ্ডপ এলাকার সিসিটিভি ফুটেজ যাচাইসহ ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত চলছে।










