কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালীর কলাপাড়ায় ‘বিনামূল্যে চক্ষু ক্যাম্প-২০২৬’ উপলক্ষে লিফলেট বিতরণ করা হয়েছে। রোববার (২৭ সেপ্টেম্বর) উপজেলার খেপুপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয় ও
মঙ্গলসুখ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ লিফলেট বিতরণ করা হয়।
কলাপাড়া উপজেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক হাজী মোঃ আবুল হাসনাত রিমন সিকদারের সৌজন্যে আয়োজিত এ চক্ষু ক্যাম্পের প্রচারণার অংশ হিসেবে বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে লিফলেট বিতরণ করা হয়।
আগামী ৩ অক্টোবর ২০২৬, শনিবার সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত খেপুপাড়া নেছারউদ্দিন কামিল মাদ্রাসায় এ ক্যাম্প অনুষ্ঠিত হবে। এতে দুস্থ, অসহায় ও হতদরিদ্র ছানি পড়া রোগীদের বিনামূল্যে চোখ পরীক্ষা এবং ছানি বা আইওএল অপারেশনের ব্যবস্থা করা হবে।
বাছাইকৃত ছানি রোগীদের বিএনএসবি চক্ষু হাসপাতাল, পটুয়াখালীতে বিশেষজ্ঞ ও সুদক্ষ সার্জনদের মাধ্যমে বিনামূল্যে ছানি অপারেশনের ওষুধ ও কালো চশমা সরবরাহ করা হবে বলেও লিফলেটে উল্লেখ করা হয়েছে।
বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবার এ উদ্যোগকে সাধুবাদ জানান। তারা বলেন, প্রত্যন্ত এলাকার দরিদ্র ও অসহায় মানুষের জন্য এমন উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
ক্যাম্পটি বিএনএসবি চক্ষু হাসপাতাল,পটুয়াখালী ও কলাপাড়া উপজেলা বিএনপি'র যুব বিষয়ক সম্পাদক হাজী আবুল হাসনাত রিমন সিকদার'র সহযোগিতায় অনুষ্ঠিত হবে।










