সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছেন অভিনেতা জাহের আলভী। সাম্প্রতিক কয়েকটি ভাঙচুরের ঘটনা উল্লেখ করে তিনি বলেছেন, এ ধরনের কর্মকাণ্ড কোনোভাবেই ইতিবাচক নয়।
নিজের সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টে জাহের আলভী লেখেন, ‘ভাঙচুর অপ্রীতিকর। হোক সেটা ৩২, মাশরাফির বাড়ি, সালমানের স্টুডিও অথবা গতকাল রাতেই ভাঙচুর করা মিরপুর ১-এর স্বাস্থ্যকেন্দ্র।’ তাঁর পোস্টের পর বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা শুরু হয়।
এর আগে শনিবার (২৬ সেপ্টেম্বর) রাতে রাজধানীর ইসিবি চত্বর এলাকার নিউ গিনি প্রপার্টিজে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ওঠে। সালমান তাঁর স্টুডিওর বিভিন্ন সরঞ্জাম ও আসবাব ক্ষতিগ্রস্ত হওয়ার কথা জানান।
এ ঘটনায় এখন পর্যন্ত তিনজনকে আটক করেছে পুলিশ। তবে ডিএমপির পক্ষ থেকে বলা হয়েছে, সালমানের স্টুডিও হামলার মূল লক্ষ্য ছিল না। প্রাথমিকভাবে নিউ গিনি প্রপার্টিজের সঙ্গে পাশের জমির মালিকের বিরোধের জেরেই হামলার ঘটনা ঘটেছে বলে ধারণা করছে পুলিশ। চাঁদাবাজির কোনো তথ্য পাওয়া যায়নি বলেও জানিয়েছে তারা।
এদিকে মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারেও সাম্প্রতিক সময়ে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এসব ঘটনাসহ ধানমন্ডি ৩২ ও মাশরাফি বিন মুর্তজার বাড়িতে ভাঙচুরের প্রসঙ্গ টেনেই নিজের অবস্থান তুলে ধরেছেন জাহের আলভী।










