রাজধানীর ইসিবি চত্বরের নিউগিনি প্রপার্টিজ এলাকায় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের নির্মাণাধীন স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) মধ্যরাতে এ ঘটনা ঘটে। হামলার পর সালমান একটি ভিডিওবার্তায় বিষয়টি তুলে ধরলে তা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা শুরু হয়।
হামলার কারণ সম্পর্কে ডিএমপির ক্যান্টনমেন্ট অঞ্চলের সহকারী কমিশনার (এসি) নাজমুল আলম বলেন, নিউগিনি প্রপার্টিজ লিমিটেডের সঙ্গে পাশের জমির মালিকের জমি নিয়ে বিরোধের জেরেই এ ঘটনা ঘটেছে। তাঁর দাবি, এখানে চাঁদাবাজির কোনো ঘটনা ঘটেনি এবং সালমান মুক্তাদিরের স্টুডিও হামলাকারীদের মূল লক্ষ্য ছিল না।
ঘটনার সময় স্টুডিওর বিভিন্ন সরঞ্জাম, কক্ষের আসবাব, সিসিটিভি ক্যামেরাসহ অন্যান্য জিনিসপত্র ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এতে স্টুডিওর নির্মাণাধীন অংশ ও সরঞ্জামের ক্ষয়ক্ষতি হয়েছে।
প্রাথমিক তথ্য অনুযায়ী, ৩৫ কাঠা জমির দখল-বেদখলকে কেন্দ্র করে মেজর জেনারেল (অব.) গোলাম মহিউদ্দিন চৌধুরী ও নিউগিনি প্রপার্টিজের মালিক নাজিম উদ্দিনের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রের ভাষ্য অনুযায়ী, ওই বিরোধের জের ধরে গোলাম মহিউদ্দিন চৌধুরীর পক্ষের লোকজন নিউগিনি প্রপার্টিজ এলাকায় প্রবেশ করে বিভিন্ন স্থাপনায় ভাঙচুর চালায়।
ঘটনাটি নিয়ে আইনি পদক্ষেপ ও তদন্ত চলছে। হামলায় কারা সরাসরি জড়িত এবং ক্ষয়ক্ষতির পরিমাণ কত, তা তদন্তের পর আরও স্পষ্ট হবে।










