ঢাকার শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলমকে প্রশাসনিক কারণে প্রত্যাহার করা হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ স্বাক্ষরিত কার্যালয় আদেশে তাকে ডিএমপির সদরদপ্তর ও প্রশাসন বিভাগের কেন্দ্রীয় সংরক্ষণ দফতরে সংযুক্ত করার কথা জানানো হয়।

আদেশ অনুযায়ী, ২৬ সেপ্টেম্বর অপরাহ্ন থেকে শাহ আলী থানায় কর্মরত নিরস্ত্র পুলিশ পরিদর্শক জাহাঙ্গীর আলমকে নতুন দায়িত্বে সংযুক্ত করা হয়েছে। আদেশে প্রত্যাহারের কারণ হিসেবে প্রশাসনিক বিষয় উল্লেখ করা হয়েছে।

এর আগে বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দিবাগত রাতে মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনা ঘটে। অভিযোগ অনুযায়ী, মুখোশ পরা দুই শতাধিক ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে স্বাস্থ্যকেন্দ্রে ঢুকে দুই নিরাপত্তাকর্মীকে জিম্মি করে। পরে ওষুধ, টিকা, চিকিৎসা সরঞ্জাম, নগদ অর্থসহ বিভিন্ন মালামাল লুট করা হয় এবং স্থাপনাটি ভেঙে ফেলা হয়।

citytouch 728-X-90

এ ঘটনায় শাহ আলী থানায় মামলা হয়েছে। ২৬ সেপ্টেম্বর চারজনকে গ্রেপ্তার করার কথা জানিয়েছিল পুলিশ। পরে লুট হওয়া মালামালও উদ্ধারের কথা জানানো হয়।

ঘটনার সময় পুলিশের উপস্থিতি নিয়েও প্রশ্ন উঠেছে। ডিএমপি কমিশনার বলেছেন, এ ধরনের ঘটনা প্রতিরোধ করা পুলিশের দায়িত্বের মধ্যে পড়ে এবং পুলিশের কোনো সদস্যের অবহেলা বা গাফিলতি পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে।