সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ৭৯তম জন্মবার্ষিকী উপলক্ষে গোপালগঞ্জের বিভিন্ন স্থানে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের মিছিল ও কেক কাটার কর্মসূচি পালনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় টুঙ্গিপাড়া উপজেলায় মিছিল চলাকালে সাতজনকে আটক করেছে পুলিশ।
সোমবার (২৮ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে সদর উপজেলার চন্দ্রদিঘলিয়ায় ঢাকা-খুলনা মহাসড়কে জেলা ছাত্রলীগের ব্যানারে একটি মিছিল বের হয়। মিছিলটির নেতৃত্ব দেন নিষিদ্ধ ছাত্রলীগ নেতা বিএম ইউনুস ভূঁইয়া ও জিহাদ ভুঁইয়া। পরে মিছিলকারীরা মহাসড়কে অবস্থান নিয়ে কেক কাটেন বলে জানা গেছে। এতে সড়কের দুই পাশে যানবাহন আটকে যানজটের সৃষ্টি হয়।
একই সময়ে গোপালগঞ্জ-টেকেরহাট আঞ্চলিক সড়কের ভেড়ার বাজার এলাকায় নিষিদ্ধ পৌর ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মো. ওমর ফারুক খান রিপনের নেতৃত্বে আরেকটি মিছিল বের হয়। সেখানে রঙিন ধোঁয়া উড়িয়ে স্লোগান দেওয়ার পর সড়কে অবস্থান নিয়ে কেক কাটার অভিযোগ পাওয়া গেছে।
শহরের আবু সাঈদ সড়ক থেকেও সদর উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শেখ রাবিদের নেতৃত্বে মিছিল বের হয়ে ঢাকা-খুলনা মহাসড়কে গিয়ে শেষ হয়। সেখানেও কেক কেটে জন্মদিনের কর্মসূচি পালন করা হয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে। জেলার বিভিন্ন স্থানে আরও কয়েকটি ঝটিকা মিছিল ও কেক কাটার কর্মসূচির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ বলেন, মিছিল চলাকালে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের সাত নেতাকর্মীকে আটক করা হয়েছে। জেলার বিভিন্ন স্থানে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা মিছিল করেছে জানিয়ে তিনি বলেন, অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।
এর আগেও শেখ হাসিনার জন্মদিন ঘিরে দেশের বিভিন্ন স্থানে নিষিদ্ধ ছাত্রলীগের কর্মসূচির খবর পাওয়া গেছে।










