রাজধানীতে চাঁদাবাজি ও জমি-সম্পত্তি দখলের সঙ্গে জড়িত ১ হাজার ৫৩০ জনের একটি তালিকা তৈরি করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। ইংরেজি দৈনিক নিউ এজ-এর প্রতিবেদনের বরাতে বিবিসি বাংলা জানিয়েছে, তালিকায় থাকা ব্যক্তিদের মধ্যে বিএনপি ও এর অঙ্গসংগঠনের বর্তমান বা সাবেক নেতাকর্মীর সংখ্যা উল্লেখযোগ্য।
প্রতিবেদন অনুযায়ী, তালিকায় ২৭৮ জনকে অপরাধের পৃষ্ঠপোষক হিসেবে চিহ্নিত করা হয়েছে। তাদের মধ্যে ২৩০ জন বিএনপি ও এর অঙ্গসংগঠনের বর্তমান বা সাবেক নেতা-কর্মী বলে উল্লেখ করা হয়েছে। এছাড়া মাঠপর্যায়ে সক্রিয় ১ হাজার ২৫২ জনের মধ্যে অন্তত ৩৫০ জন বিএনপি বা অঙ্গসংগঠনের সঙ্গে যুক্ত বলে তালিকায় উল্লেখ রয়েছে।
তালিকায় ফুটপাত, বাজার, পরিবহন, নির্মাণকাজ, বর্জ্য ব্যবস্থাপনা, শিল্পকারখানা ও জমি দখলসহ বিভিন্ন খাত থেকে চাঁদা আদায়ের অভিযোগের তথ্যও রয়েছে বলে প্রতিবেদনে বলা হয়েছে।
ডিএমপির এক কর্মকর্তার বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, দেড় বছরের বেশি সময় ধরে তদন্ত ও তথ্য সংগ্রহের ভিত্তিতে তালিকাটি তৈরি করা হয়েছে এবং এটি নিয়মিত হালনাগাদ করা হচ্ছে। তালিকায় কয়েকজন শীর্ষ সন্ত্রাসীর নামের পাশাপাশি কিছু এলাকায় পুলিশের সম্পৃক্ততার অভিযোগও রয়েছে বলে উল্লেখ করা হয়েছে।










