ঢাকা, ২৮ সেপ্টেম্বর: হাসনাত আবদুল্লাহরা "মাঠে নতুন ধান্দা এনেছে" বলে মন্তব্য করেছেন ডাকসু নির্বাচনে ছাত্রদল সমর্থিত প্যানেলের জিএস পদপ্রার্থী শেখ তানভীর বারী হামিম। সোমবার নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা লেখেন।
পোস্টে হামিম লেখেন, "হাসনাত আবদুল্লাহরা মাঠে নতুন ধান্দা এনেছে। আগেরবার মানুষের বন্যার অনুদানের টাকা মেরে দিয়েছিল। আর এবার স্ট্যাটাস দিয়েছে তারা ভিক্ষাবৃত্তি করবে আজ বিকেলে।"
সাইকেল থেকে প্রাডো গাড়ি
গণঅভ্যুত্থানের পর তাদের জীবনযাত্রার পরিবর্তনের দিকে ইঙ্গিত করে হামিম লেখেন, "গণঅভ্যুত্থান পরবর্তীতে ওদের যাদের পায়ে চটি স্যান্ডেল ছিল তাদের পায়ে থাকে এয়ার জর্ডান, অ্যাডিডাস। সিম্ফনি মোবাইলের জায়গায় হাতে শোভা পায় আইফোন প্রো ম্যাক্স। ক্যাম্পাসে চড়ত ফিনিক্স বাইসাইকেলে, ৫ আগস্টের পর দেখেছি একেকজন একেক প্রাডো গাড়িতে। এরপরও ওদের ভিক্ষা লাগবে।"
'সাধু সাবধান'
পোস্টের শেষাংশে হামিম লেখেন, "কেউ ভিক্ষা কর্মসূচিতে টাকা দেবেন না। আপনাদের কয়েক হাজার টাকা তুলে ওরা ওদের ২০২৪ এর ৫ আগস্ট থেকে ২০২৬ এর ১২ ফেব্রুয়ারি পর্যন্ত অর্জিত কালো টাকা সাদা দেখানোর ধান্দায় নেমেছে। সুতরাং, সাধু সাবধান।"










