রাজধানীর ইসিবি চত্বরে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ‘ব্রাউনফিশ স্টুডিওতে’ হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় প্রতিবাদ জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা আবিদুল ইসলাম খান আবিদ। রোববার (২৭ সেপ্টেম্বর) রাত ৩টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া পোস্টে তিনি বলেন, “সালমান মুক্তাদির জুলাইয়ের সহযোদ্ধা। আমরা লজ্জিত।”
আবিদুল ইসলাম খান আবিদ হামলায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার আহ্বান জানিয়ে ঘটনাটি পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করে জাতির সামনে তুলে ধরার দাবি জানান।
এর আগে শনিবার রাত সাড়ে ১০টার দিকে নিউগিনি প্রপার্টিজ এলাকায় হামলার ঘটনা ঘটে। অভিযোগ অনুযায়ী, প্রায় ১০০ থেকে ১৫০ জন স্টুডিও ও আশপাশের স্থাপনায় ঢুকে ভাঙচুর ও লুটপাট চালায়। স্টুডিওর যন্ত্রপাতি, সিসিটিভি ক্যামেরা, মোবাইল ফোন ও অন্যান্য সামগ্রী নিয়ে যাওয়ার অভিযোগ রয়েছে।
সালমান মুক্তাদিরের অভিযোগ, চাঁদা দিতে অস্বীকৃতি জানানোকে কেন্দ্র করেই স্টুডিওতে হামলা চালানো হয়েছে। তিনি ফেসবুক লাইভে ক্ষতিগ্রস্ত স্টুডিও দেখিয়ে বলেন, তিনি এই ঘটনার পরও কাজ চালিয়ে যাবেন এবং হামলার ঘটনায় আইনি পদক্ষেপ নেবেন।
তবে পুলিশের বক্তব্যে ভিন্ন তথ্য পাওয়া গেছে। ডিএমপির ক্যান্টনমেন্ট অঞ্চলের সহকারী কমিশনার নাজমুল আলম জানিয়েছেন, নিউগিনি প্রপার্টিজ ও পাশের জমির মালিকের মধ্যে জমি নিয়ে বিরোধের জেরেই হামলা হয়েছে; স্টুডিওটি হামলাকারীদের মূল লক্ষ্য ছিল না এবং চাঁদাবাজির ঘটনা ঘটেনি। এ ঘটনায় পুলিশ কয়েকজনকে আটক করেছে এবং তদন্ত চলছে।









