কক্সবাজর, আবু বক্কর সিদ্দিকঃ
আলুর বস্তার ভেতরে লুকানো ভারী আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক! টেকনাফে বিজিবির বিশেষ অভিযানে ধরা পড়লো রোহিঙ্গা ডাকাত দলের বিশাল অস্ত্রের চালান।
২৭ সেপ্টেম্বর সকালে গোপন তথ্যের ভিত্তিতে লেদা বাজার এলাকায় অবস্থান নেয় টেকনাফ ২ বিজিবির আভিযানিক দল। একটি সন্দেহভাজন ইজিবাইক থামিয়ে মেটাল ডিটেক্টর দিয়ে তল্লাশি চালাতেই মেলে ধাতব পদার্থের সন্ধান।
পরে লেদা বিওপিতে নিয়ে আলুর বস্তা থেকে উদ্ধার করা হয় ২টি জি-৩ রাইফেল, ২টি দেশীয় বন্দুক, ৪২ রাউন্ড গুলি, ৬টি ওয়াকিটকি, ৩টি টেজার এবং ৪ কেজি বিস্ফোরক দ্রব্য!
ঘটনায় জড়িত কুতুপালং ও মোচনি ক্যাম্পের ৩ রোহিঙ্গা নাগরিককে আটক করা হয়েছে। বিজিবি জানায়, অস্ত্রগুলো রোহিঙ্গা ক্যাম্পের এক সশস্ত্র ডাকাত দলের কাছে পৌঁছে দেয়ার কথা ছিল।
সীমান্তে যেকোনো সংঘবদ্ধ অপরাধ ও অবৈধ অস্ত্রের প্রবেশ ঠেকাতে বিজিবির এমন কঠোর অভিযান অব্যাহত থাকবে।










