সংবিধানের রাষ্ট্র পরিচালনার মূলনীতিতে ‘মহান আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস’ পুনঃস্থাপনের কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ও সংবিধান সংশোধন-সংক্রান্ত বিশেষ কমিটির আহ্বায়ক সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, এটি তাদের নির্বাচনি ইশতেহারের প্রতিশ্রুতি।
রোববার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় জাতীয় সংসদের গণমাধ্যম সেন্টারে কমিটির তৃতীয় সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। তার ভাষ্য অনুযায়ী, আগামী বছরের জানুয়ারিতে সংসদের প্রথম অধিবেশনে সংবিধান সংশোধন বিল উত্থাপনের লক্ষ্য রয়েছে।
সালাহউদ্দিন আহমদ জানান, প্রস্তাবিত পরিবর্তনের মধ্যে সংবিধানের প্রস্তাবনা এবং ৮, ৪৮, ৫৬ ও ১৪২ অনুচ্ছেদ রয়েছে। এসব বিষয়ে পরিবর্তন আনা হলে রাষ্ট্রপতির অনুমোদনের আগে গণভোটের প্রয়োজন হবে বলে তিনি জানান।
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়েও গণভোটের বিধান যুক্ত করার একটি প্রস্তাব বিএনপির পক্ষ থেকে এসেছে বলে জানান তিনি। তার বক্তব্য অনুযায়ী, ভবিষ্যতে কোনো সংসদ যাতে সহজে ওই ব্যবস্থার সংশ্লিষ্ট সাংবিধানিক বিধান পরিবর্তন করতে না পারে, সে জন্য পরিবর্তনের ক্ষেত্রেও গণভোটের বিধান রাখার প্রস্তাব দেওয়া হয়েছে।
কমিটির রিপোর্ট ডিসেম্বরের মধ্যে সংসদে উপস্থাপনের চেষ্টা চলছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। এরপর আইন মন্ত্রণালয় থেকে বিল আসবে এবং সংসদে আলোচনা ও সংশোধনের পর তা পাস হলে গণভোটের প্রক্রিয়া হবে বলে জানান তিনি।










