ট্রান্সকম ইলেকট্রনিকসের বিরুদ্ধে ওয়ারেন্টির আওতাভুক্ত পণ্য মেরামতের জন্য অতিরিক্ত অর্থ দাবি এবং বিক্রয়োত্তর সেবা নিয়ে অভিযোগ করেছেন পারভেজ নামের এক গ্রাহক। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি দাবি করেন, পাঁচ বছরের ওয়ারেন্টি থাকা একটি টেলিভিশনের ব্যাকলাইট সমস্যার সমাধানের জন্য তার কাছে ৫ হাজার টাকার বেশি দাবি করা হয়েছে।

পারভেজের দেওয়া তথ্য অনুযায়ী, তিনি ২০২৩ সালের ১৫ সেপ্টেম্বর টঙ্গীর একটি অফিসিয়াল শোরুম থেকে ট্রান্সকম ইলেকট্রনিকসের মাধ্যমে ROWA ৫০ ইঞ্চি অ্যান্ড্রয়েড টিভি (মডেল: 50U62) কেনেন। তার দাবি, কেনার সময় তাকে পণ্যটির জন্য পাঁচ বছরের ওয়ারেন্টির কথা জানানো হয়েছিল।

তিনি জানান, গত ২০ সেপ্টেম্বর ২০২৬ টেলিভিশনটি চলমান অবস্থায় হঠাৎ সম্পূর্ণ ব্ল্যাকআউট হয়ে যায়। তবে টিভিতে শব্দ চলতে থাকে। পরে ডিসপ্লের সমস্যা জানিয়ে ট্রান্সকম ডিজিটাল সার্ভিস সেন্টারে যোগাযোগ করলে অভিযোগ নম্বর H2639452 দিয়ে একজন টেকনিশিয়ানকে দায়িত্ব দেওয়া হয়।

citytouch 728-X-90

পারভেজের ভাষ্য, ২২ সেপ্টেম্বর টেকনিশিয়ান ইমরান তার সঙ্গে ফোনে যোগাযোগ করে সমস্যার বিষয়ে জানতে চান এবং ইনভয়েস ও ওয়ারেন্টির কপি পাঠাতে বলেন। পরে টেকনিশিয়ান তাকে জানান, টিভির LED লাইট নষ্ট হয়ে গেছে এবং এটি ঠিক করতে অতিরিক্ত অর্থ দিতে হবে।

গ্রাহক ওয়ারেন্টির বিষয়টি জানতে চাইলে তাকে বলা হয়, ব্যাকলাইট ওয়ারেন্টির আওতায় পড়ে না। পারভেজের দাবি, তিনি বিষয়টি নিয়ে আপত্তি জানালেও টেকনিশিয়ান তার বক্তব্য গ্রহণ করেননি।

এরপর ট্রান্সকমের কাস্টমার কেয়ারে যোগাযোগ করেও একই ধরনের তথ্য পান বলে দাবি করেন পারভেজ। মেরামতের জন্য কত টাকা দিতে হবে জানতে চাইলে তাকে ৫ হাজার টাকার বেশি খরচের কথা জানানো হয়।

পারভেজ তার পোস্টে প্রশ্ন তোলেন, বিক্রির সময় পাঁচ বছরের ওয়ারেন্টির কথা বলা হলেও পণ্য নষ্ট হওয়ার পর কেন অতিরিক্ত অর্থ দাবি করা হচ্ছে। তার দাবি, ওয়ারেন্টি কার্ডে কোন কোন কারণে ওয়ারেন্টি প্রযোজ্য হবে না, তা উল্লেখ থাকলেও ব্যাকলাইটের জন্য আলাদা করে ওয়ারেন্টি নেই—এমন কোনো তথ্য তিনি সেখানে দেখতে পাননি।

এ ঘটনাকে তিনি ট্রান্সকম ইলেকট্রনিকসের ‘বিক্রয়োত্তর সেবার দুরবস্থা’ হিসেবে উল্লেখ করে বিষয়টি নিয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে অভিযোগ করার কথাও জানান। একই সঙ্গে ROWA টিভির ব্যবহারকারী ও সংশ্লিষ্টদের কাছে এ বিষয়ে মতামত চান তিনি।

পরবর্তীতে পারভেজের দাবি অনুযায়ী, ট্রান্সকমের পক্ষ থেকে জানানো হয়, তিনি টাকা পরিশোধ করলে টিভির সার্ভিস দেওয়া হবে। একপর্যায়ে পারভেজ সার্ভিস নেওয়ার জন্য সম্মতি জানান। এরপর সংশ্লিষ্ট প্রতিনিধিরা তার বাসা থেকে টেলিভিশনটি নিয়ে যান।

তবে টেলিভিশনটির ওয়ারেন্টি শর্তে ব্যাকলাইটের বিষয়টি কীভাবে নির্ধারিত হয়েছে এবং এ ক্ষেত্রে গ্রাহকের কাছ থেকে অর্থ নেওয়ার নিয়ম কী—তা নিয়ে প্রশ্ন তুলেছেন পারভেজ।