অফিসের প্রত্যেক কর্মীকে নতুন আইফোন উপহার দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় এসেছেন সংযুক্ত আরব আমিরাতভিত্তিক এক প্রতিষ্ঠানের মালিক নিশাদ হুসাইন। ভারতের কেরালায় জন্ম নেওয়া এই ব্যবসায়ীর কর্মীদের উপহার দেওয়ার একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
ভিডিওটি প্রকাশ করেন নিশাদ হুসাইনের স্ত্রী ও প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক হাসিনা নিশাদ। ভিডিওতে দেখা যায়, একটি টেবিলে কয়েকটি মোড়ানো উপহারের বাক্স রাখা হয়েছে। কর্মীরা একে একে বাক্স বেছে নিয়ে খুলছেন। কয়েকজনের বাক্সে পাওয়া যায় নতুন আইফোন, আবার কয়েকজন পান চকলেট।
এতে প্রথমে মনে হয়, কর্মীদের মধ্যে উপহারের পার্থক্য রয়েছে। তবে পরে দেখা যায়, চকলেট পাওয়া কর্মীদের হাতেও আইফোন তুলে দেওয়া হচ্ছে। প্রতিষ্ঠানটির মালিক নিজেই তাদের হাতে উপহার পৌঁছে দেন।
‘আমাদের শক্তি আমাদের কর্মীরা’
কর্মীদের উপহার দেওয়ার সময় তাদের অবদানের কথাও তুলে ধরেন হাসিনা নিশাদ। তিনি বলেন, প্রতিষ্ঠানের অগ্রগতির পেছনে কর্মীদের নিষ্ঠা, ইতিবাচক মনোভাব ও সম্মিলিত শক্তির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
ভিডিওর ক্যাপশনেও তিনি উল্লেখ করেন, প্রতিটি কর্মীর প্রচেষ্টা, ধারণা ও অবদান প্রতিষ্ঠানকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ২৪ লাখের বেশি বার দেখা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এতে কর্মীদের এমনভাবে সম্মান দেওয়ার প্রশংসা করেছেন অনেকে। আবার কেউ কেউ মজা করে জানতে চেয়েছেন, ওই প্রতিষ্ঠানে চাকরির সুযোগ আছে কি না।
একজন মন্তব্যকারী দাবি করেন, তাঁর বস ভিডিওটিকে এআই দিয়ে তৈরি বলে মনে করছেন। তবে ভিডিওটি বাস্তব কি না, সে বিষয়ে এমন দাবির কোনো স্বাধীন যাচাই পাওয়া যায়নি।










