ভারতের তামিলনাড়ুর নাগেরকোলে ইউটিউবার দম্পতির বাড়িতে ঢুকে প্রায় ১ কোটি রুপি মূল্যের স্বর্ণালংকার ও নগদ অর্থ চুরির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাতে থাম্মাতুক্কো এলাকার ভিআইপি গার্ডেনে বিনোদ কুমার ও মধুমিতার বাড়িতে এ ঘটনা ঘটে।
প্রতিবেদন অনুযায়ী, বাড়ির পেছনের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে চোরেরা। পরে পরিবারের প্রায় ১১৮ ভরি স্বর্ণালংকার ও নগদ অর্থ নিয়ে পালিয়ে যায়। এলাকাটি সিসিটিভি নজরদারির আওতায় থাকলেও এখনো কাউকে শনাক্ত করা যায়নি।
ঘটনার পর রাজাকামঙ্গলম থানায় মামলা হয়েছে। পুলিশ সিসিটিভি ফুটেজ ও মোবাইল ফোনের কল রেকর্ড বিশ্লেষণ করে চোরদের শনাক্তের চেষ্টা করছে।
এদিকে, চুরির কয়েক দিন আগে মধুমিতার প্রকাশ করা একটি ভিডিও নিয়েও আলোচনা শুরু হয়েছে। বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে, ওই ভিডিওতে তাদের বাড়ির পূজার ঘরে রাখা দামি গহনা ও অন্যান্য মূল্যবান সামগ্রীর কিছু অংশ দেখা গিয়েছিল। মধুমিতা নিয়মিত স্বর্ণালংকার ও নগদ অর্থ নিয়ে ভিডিও ও রিলস প্রকাশ করেন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
চুরির পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যক্তিগত সম্পদ প্রকাশ্যে দেখানোর নিরাপত্তা ঝুঁকি নিয়েও আলোচনা চলছে। তবে ভিডিও ও চুরির ঘটনার মধ্যে সরাসরি কোনো সম্পর্ক রয়েছে কি না, তা এখনো নিশ্চিত নয়।










