দ্বিতীয় স্ত্রী মরিয়ম আক্তারের মৃত্যুর ঘটনায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামের সঙ্গে ভুক্তভোগী পরিবারের আপস হয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহর আদালতে জামিন শুনানির সময় এ তথ্য জানানো হয়। এতে মামলার বাদী মাসুম বিল্লাহ আপসের বিষয়টি জানিয়ে গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী মাকছুদা ইসলামের জামিনে আপত্তি না থাকার কথা জানান। আসামিপক্ষের আইনজীবী মাহবুবুর রহমান জানান, গাজী নজরুল ইসলাম ও মাকছুদা ইসলামের আপসের শর্তে জামিন চেয়েছিলাম। তারা ঘটনার সঙ্গে জড়িত নয়। এরই মধ্যে বাদীপক্ষের সঙ্গে আপস-মীমাংসা হয়েছে। শুনানিতে উপস্থিত থেকে বাদী জানিয়েছেন, দুই আসামির জামিন দিলে তার আপত্তি নেই। রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুক ফারুকী জানান, শুনানি শেষে বিচারক আসামি মাকছুদার জামিন মঞ্জুর করেছেন। তবে গাজী নজরুলের আবেদন নামঞ্জুর হয়েছে। উল্লেখ্য, গত ২০ সেপ্টেম্বর সন্ধ্যায় শেরেবাংলা নগর থানার ন্যাম ভবনের ২০৩ নম্বর ফ্ল্যাটের ভেতর থেকে এমপি গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়মের (১৯) ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। ওই সময় ঘরের দরজা ভেতর থেকে বন্ধ ছিল। সিআইডির সহায়তায় দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় লাশ উদ্ধার করা হয়। পরদিন নিহতের বাবা এস এম মাসুম বিল্লাহ বাদী হয়ে গাজী নজরুল ইসলাম, তার প্রথম স্ত্রী মাকছুদা ইসলাম ও নিহতের মামা ওবায়দুর রহমানের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা দায়ের করেন। ওই রাতেই গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী মাকছুদাকে গ্রেপ্তার করে পুলিশ।