স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে রহস্যময় বার্তা দিয়েছেন কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদির।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে বাংলিশে তিনি লেখেন, ‘Tora amake bhalo hote dilina’ (তোরা আমাকে ভালো হতে দিলি না)।

তবে পোস্টে কারও নাম উল্লেখ করেননি সালমান। তার এই বার্তা স্টুডিওতে হামলার ঘটনার সঙ্গে সম্পর্কিত কি না, তা নিয়েও কোনো ব্যাখ্যা দেননি তিনি।

citytouch 728-X-90

পোস্টটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে নানা প্রতিক্রিয়া দেখা যায়। কেউ কেউ মন্তব্যে হাস্যরস করে লিখেছেন, ‘আপনি কি আদৌ ভালো হতে চেয়েছিলেন?’ আবার অনেকে মন্তব্য করেছেন, সালমান মুক্তাদির হয়তো আগের পরিচিত ধাঁচে ফিরছেন।

পোস্ট দেওয়ার কয়েক মিনিট পর নিজের ফেসবুক পেজের কভার ছবিও পরিবর্তন করেন তিনি। নতুন কভার ছবিতে দেখা যায় একটি ঘুমন্ত সিংহের ছবি। কভার পরিবর্তন ও রহস্যময় বার্তার মাধ্যমে তিনি কোনো ইঙ্গিত দিয়েছেন কি না, তা নিয়েও চলছে আলোচনা। তবে এ বিষয়ে সালমান মুক্তাদিরের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা পাওয়া যায়নি।

এর আগে রাজধানীর ইসিবি চত্বর এলাকার দক্ষিণ মানিকদীর একটি আবাসন প্রকল্পে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, ভাঙচুর ও মালামাল লুটের অভিযোগ ওঠে।

ঘটনার পর ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) জানিয়েছে, এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে এখন পর্যন্ত ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।

এ ঘটনায় বিএনপি কর্মীদের সম্পৃক্ততার অভিযোগ ওঠে। তবে বিষয়টি নিয়ে রাজনৈতিক মহলে পাল্টাপাল্টি বক্তব্য এসেছে।

সালমান মুক্তাদির অভিযোগ করেন, দেশের নিরাপত্তা পরিস্থিতির অবনতির কারণে এমন ঘটনা ঘটেছে। অন্যদিকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ দাবি করেন, সালমান মুক্তাদির বিএনপির বিরুদ্ধে ঢালাও অভিযোগ করেছেন।

ঘটনাটি নিয়ে এখনো বিভিন্ন পক্ষের বক্তব্য ও তদন্ত কার্যক্রম চলছে।