রাজশাহীতে ইয়াবা নিয়ে চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। অভিযোগ উঠেছে, মাত্র এক টাকার জন্মনিয়ন্ত্রণ বড়ি ও কোষ্ঠকাঠিন্যের ওষুধে লাল বা গোলাপি রঙের প্রলেপ দিয়ে তৈরি করা হচ্ছে ভুয়া ইয়াবা।
এসব অজানা ওষুধ ইয়াবা হিসেবে বিক্রি করায় মাদকসেবীদের স্বাস্থ্যঝুঁকি বাড়ছে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।
মাদক বিক্রির অভিযোগ আইডি বাগানপাড়া এলাকায়
স্থানীয়দের অভিযোগ, রাজশাহীর আইডি বাগানপাড়া রেললাইন এলাকায় দীর্ঘদিন ধরে মাদক কেনাবেচা চলে আসছে।
তাদের দাবি, সকাল থেকে গভীর রাত পর্যন্ত ওই এলাকায় বিভিন্ন ধরনের মাদক কেনাবেচা হয়।
এ ছাড়া নগরীর চন্দ্রিমা থানার বারো রাস্তা, বুধপাড়া, কোট ঢালান, গুড়িপাড়া, রাজশাহী নিউমার্কেট এলাকা ও হরিপুরসহ বিভিন্ন স্থানে ইয়াবা এবং ইয়াবার আদলে তৈরি ট্যাবলেট বিক্রির চক্র সক্রিয় রয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
রঙ লাগিয়ে দেওয়া হচ্ছে ইয়াবার রূপ
অনুসন্ধানে জানা গেছে, কিছু চক্র ট্যাবলেটের গায়ে লাল বা গোলাপি রঙের মার্কার কিংবা সাইনপেনের কালি লাগিয়ে সেগুলোকে ইয়াবার মতো দেখতে করে তুলছে।
পরে প্রকৃত ইয়াবা হিসেবে এসব ট্যাবলেট মাদকসেবীদের কাছে বিক্রি করা হচ্ছে বলে অভিযোগ।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, জন্মনিয়ন্ত্রণ বড়ি ও কোষ্ঠকাঠিন্যের ওষুধকে ইয়াবার আদলে তৈরি করে বিক্রি করা হচ্ছে।
‘মাল’ কিনে খেয়ে বুঝেছেন ওষুধ
নাম প্রকাশে অনিচ্ছুক এক মাদকসেবী জানান, তিনি ২৮০ টাকা পিস হিসেবে দুই পিস ট্যাবলেট কিনেছিলেন।
খাওয়ার পর বুঝতে পারেন, সেগুলো ইয়াবা নয়; অন্য ধরনের ওষুধ। এরপর তার পায়খানার বেগ অনেক বেড়ে যায়।
পুলিশ বলছে অভিযান অব্যাহত
রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র উপ-পুলিশ কমিশনার গাজিউর রহমান জানান, শুধু ইয়াবা নয়, সব ধরনের মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে।
তিনি বলেন, মহানগর পুলিশ বিভিন্ন মাদক বিক্রির আস্তানায় অভিযান চালিয়েছে এবং অনেককে গ্রেপ্তার করা হয়েছে।
তবে মায়াবড়ি ও ডুরালাক্স ট্যাবলেট ইয়াবার আদলে বিক্রির বিষয়ে তিনি অবগত নন বলে জানান।










