কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর ও রানফ্ল্যাটের ঘটনায় বিএনপির নাম আসার প্রসঙ্গে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, একটি নির্দিষ্ট গোষ্ঠী বিএনপিকে চাঁদাবাজ হিসেবে উপস্থাপনের চেষ্টা করছে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সচিবালয়ের তথ্য অধিদপ্তরের সম্মেলনকক্ষে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

জাহেদ উর রহমান বলেন, সালমান মুক্তাদির ঘটনার শুরুতে লাইভে এসে বিএনপির নেতাদের বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ করেছিলেন। তবে পরবর্তীতে তিনি নিজেই জানিয়েছেন, তার কাছে সরাসরি কেউ চাঁদা দাবি করেননি।

citytouch 728-X-90

‘জমি বিরোধ থেকেই ঘটনা’

তথ্য উপদেষ্টা বলেন, স্বরাষ্ট্রমন্ত্রীর ব্রিফিংয়ের তথ্য অনুযায়ী, প্রাথমিক অনুসন্ধানে ঘটনাটি একটি হাউজিং কোম্পানি ও একজন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তার মধ্যকার জমি সংক্রান্ত বিরোধের সঙ্গে সম্পর্কিত।

তিনি বলেন, সালমান মুক্তাদির যখন নিজের আগের বক্তব্য থেকে সরে এসেছেন, তখন ওই বক্তব্যের ভিত্তিতে দেওয়া রাজনৈতিক বক্তব্য থেকেও সংশ্লিষ্টদের সরে আসা উচিত।

রাজনৈতিক পোস্ট নিয়েও প্রশ্ন

এ ঘটনায় জামায়াতের আমির ডা. শফিকুর রহমান সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ‘চাঁদাবাজদের হানা, ভাঙচুর, লুটতরাজ ও তাণ্ডব’-এর অভিযোগ করেছিলেন।

এ প্রসঙ্গে জাহেদ উর রহমান প্রশ্ন তোলেন, অভিযোগকারী ব্যক্তি নিজের বক্তব্য সংশোধন করার পরও সেই বক্তব্যের ভিত্তিতে দেওয়া রাজনৈতিক পোস্টগুলো কেন বহাল থাকবে।

‘সহিংসতার পক্ষে সরকার নয়’

তথ্য উপদেষ্টা বলেন, সরকার কোনো ধরনের সহিংসতার পক্ষে নয়। এ ঘটনায় যারা ভাঙচুরের সঙ্গে জড়িত, তাদের গ্রেপ্তার করা হয়েছে।

তিনি আরও বলেন, তদন্তে পুলিশের অবহেলা কিংবা কোনো রাজনৈতিক দলের সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদেরও আইনের আওতায় আনা হবে।