জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লেখা ‘অসমাপ্ত আত্মজীবনী’ বইটির বিপণন বন্ধের দাবিতে রাজধানীর বাংলাবাজারে ইউনিভার্সিটি প্রেস লিমিটেডের (ইউপিএল) শোরুমে হামলা ও কর্মীদের হয়রানির অভিযোগ উঠেছে।
ঘটনাটিকে ‘অত্যন্ত লজ্জাকর ও দুর্ভাগ্যজনক’ আখ্যা দিয়ে তীব্র প্রতিবাদ জানিয়েছে প্রকাশনা প্রতিষ্ঠানটি।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ইউপিএলের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়, সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে কয়েকজন ব্যক্তি বাংলাবাজার শোরুমে এসে আক্রমণাত্মক আচরণ করেন।
তারা ‘অসমাপ্ত আত্মজীবনী’ বইটির বিক্রি বন্ধের দাবি জানিয়ে চাপ প্রয়োগ করেন বলে অভিযোগ করেছে ইউপিএল।
শোরুম বন্ধ ও কর্মীদের হয়রানির অভিযোগ
ইউপিএলের বিবৃতিতে বলা হয়, একপর্যায়ে ওই ব্যক্তিরা শোরুমের শাটার নামিয়ে দেন এবং দুই বিক্রয়কর্মীকে হয়রানি করেন।
পরে তাদের ফরিদাবাদ পুলিশ ফাঁড়িতে নিয়ে আটকে রাখা হয় বলে দাবি করেছে প্রতিষ্ঠানটি। পরবর্তীতে ওই দুই কর্মীকে ছেড়ে দেওয়া হয়।
‘বইটি নিষিদ্ধ নয়’ বলছে ইউপিএল
প্রতিষ্ঠানটি জানিয়েছে, ‘অসমাপ্ত আত্মজীবনী’ বইটি সরকার বা আদালত কর্তৃক নিষিদ্ধ নয়।
বিবৃতিতে বলা হয়, কোনো বই নিষিদ্ধ করতে হলে নির্দিষ্ট আইনি প্রক্রিয়া অনুসরণ করতে হয়। এই বইয়ের ক্ষেত্রে এমন কোনো সিদ্ধান্তের বিষয়ে তারা অবগত নয়।
ইউপিএল আরও জানায়, কোনো দায়িত্বশীল কর্তৃপক্ষ আইন অনুযায়ী বইটি নিষিদ্ধ করলে তারা যথাযথ ব্যবস্থা নেবে।
প্রকাশনা স্বাধীনতার পক্ষে অবস্থান
ইউপিএল জানিয়েছে, প্রকাশনা খাতে তারা বিভিন্ন সময়ে চাপের মুখোমুখি হলেও পেশাদার নীতি থেকে সরে আসেনি।
প্রতিষ্ঠানটির দাবি, বিভিন্ন রাজনৈতিক আমলে বিভিন্ন বই প্রকাশ ও অবস্থানের কারণে তাদের ওপর চাপ এসেছে। তবে তারা সবসময় প্রকাশনার স্বাধীনতা ও বিদ্যাচর্চার নীতিতে অটল থেকেছে।
‘গুরুত্বপূর্ণ ঐতিহাসিক গ্রন্থ’ দাবি
ইউপিএলের মতে, ‘অসমাপ্ত আত্মজীবনী’ বাংলাদেশের ইতিহাস ও মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট বোঝার জন্য গুরুত্বপূর্ণ একটি গ্রন্থ।
প্রকাশনা প্রতিষ্ঠানটি বলেছে, প্রকাশনা শিল্পে গুণ্ডামি ও মব-সংস্কৃতির প্রভাব থেকে মুক্তচিন্তা এবং বিদ্যাচর্চার স্বাধীনতা রক্ষায় সরকার, লেখক, পাঠক, শিক্ষক, সাংবাদিক ও সচেতন নাগরিকদের এগিয়ে আসা প্রয়োজন।










