গাজীপুরের শ্রীপুরে অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে ফেসবুকে ‘গালাগালসহ আপত্তিকর পোস্ট’ দেওয়ার পর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (২৭ সেপ্টেম্বর) রাতে গ্রেফতার হওয়া ওই নেতার নাম আশরাফুল ইসলাম ওরফে সজল (২৬)। তিনি উপজেলার বরামা গ্রামের ইমতিয়াজ উদ্দীনের ছেলে এবং এনসিপির শ্রীপুর উপজেলা শাখার আহ্বায়ক কমিটির সদস্য। পুলিশের দাবি, ফেসবুক পোস্টের জন্য নয় সন্ত্রাসবিরোধী আইনে করা আগের একটি মামলার সন্দেহভাজন আসামি হিসেবে তাকে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। শ্রীপুর থানার ওসি মোহাম্মদ শাহীনুর আলম জানান, গ্রেফতারের অনেক পরে বিভিন্ন মাধ্যমে আশরাফুলের ফেসবুক স্ট্যাটাস দেখেছেন তারা। থানা সূত্রে জানা গেছে, ২১ সেপ্টেম্বর রাতে শ্রীপুরের জৈনাবাজার এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের মশালমিছিলের ঘটনায় করা মামলায় তাকে গ্রেফতার করা হয়। তবে গ্রেফতার আশরাফুলের মা আসমা আক্তারের দাবি, পুলিশ তাকে জানিয়েছে ফেসবুকে বিদ্যুৎ বিল নিয়ে পোস্ট ও মন্তব্য করায় ছেলেকে গ্রেফতার করা হয়েছে। তিন-চার দিন আগে বেশি বিদ্যুৎ বিল আসা নিয়ে পোস্ট দিয়েছিল আশরাফুল; পরে অনেকের অনুরোধে পোস্টটি ডিলিটও করে দেয় সে। এনসিপির শ্রীপুর উপজেলা শাখার আহ্বায়ক আবু রায়হান মেজবাহ গ্রেফতারের নিন্দা জানিয়ে অবিলম্বে মুক্তির দাবি জানিয়েছেন। প্রতিবাদে সোমবার রাতে বরমী বাজারে দলের পক্ষ থেকে প্রতিবাদ মিছিল করা হয়েছে।