চট্টগ্রামের মানুষ সবার আগে জান্নাতে যাবে, এরপর অন্য জেলার মানুষ যাবে’—সুন্নি ঘরানার বক্তা মাওলানা আতাউল বারী আলকাদেরীর এমন বক্তব্য নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা শুরু হয়েছে।
সম্প্রতি ছড়িয়ে পড়া একটি ভিডিওতে তাকে মসজিদের মিম্বারে দাঁড়িয়ে এ ধরনের বক্তব্য দিতে শোনা যায়।
‘রাউজানের মানুষ আগে জান্নাতে যাবে’ দাবি
ভিডিওতে আতাউল বারী বলেন, ‘রাউজানের মানুষ আগে জান্নাতে যাবে। কারণ এই রাউজানের মধ্যে শতকরা ৯০ জন সুন্নি এবং শতকরা ৯০ জন আশেকে রাসুল।’
তিনি আরও বলেন, রাউজানের পর রাঙ্গুনিয়া, এরপর হাটহাজারী, বাঁশখালী, আনোয়ারা ও পটিয়ার মানুষ জান্নাতে যাবে।
তার বক্তব্য অনুযায়ী, পুরো চট্টগ্রামবাসী জান্নাতে যাওয়ার পর অন্য জেলার মানুষ যাবে। তিনি চট্টগ্রামকে ‘সুন্নিয়তের ক্যান্টনমেন্ট’ বলেও উল্লেখ করেন।
৭৩ দলের প্রসঙ্গ তুলে বক্তব্য
নিজের বক্তব্যের ব্যাখ্যা দিতে গিয়ে মাওলানা আতাউল বারী ৭৩ দলের প্রসঙ্গও তুলে ধরেন।
তিনি বলেন, হাদিসে কেয়ামতের আগে ৭৩টি দলের কথা বলা হয়েছে এবং এর মধ্যে একটি দল জান্নাতে যাবে—যেটিকে তিনি ‘আহলে সুন্নাত ওয়াল জামাত’ হিসেবে উল্লেখ করেন।
বক্তব্যের শেষ দিকে তিনি বলেন, ‘জান্নাতে যেতে চাইলে সুন্নি হয়ে যান।’
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া
ভিডিওটি ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া দেখা গেছে।
অনেকে তার বক্তব্যকে ভিত্তিহীন ও মনগড়া দাবি বলে মন্তব্য করেছেন। আবার কেউ কেউ বিষয়টি নিয়ে হাস্যরসও করছেন।
তবে বক্তব্যের বিষয়ে মাওলানা আতাউল বারী আলকাদেরীর পক্ষ থেকে কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি।










