নেত্রকোনা প্রতিনিধিঃ
নেত্রকোনা জেলা প্রশাসকের কার্যালয়ে কর্মরত দুই কর্মচারীর বিরুদ্ধে রাজনৈতিক প্রভাব ব্যবহার, তদবির ও বিভিন্ন অনিয়মে জড়িত থাকার অভিযোগ উঠেছে। অভিযুক্তরা হলেন জেলা প্রশাসকের কার্যালয়ের নেজারত শাখার প্রসেস সার্ভার জিয়াউল হক ও অফিস সহায়ক জাহিদুল হক।
অভিযোগকারীদের দাবি, জিয়াউল হক ও জাহিদুল হক আপন ভাই এবং তারা শফি আহমেদের চাচাতো ভাই। আওয়ামী লীগ সরকারের আমলে শফি আহমেদের প্রভাব ও সুপারিশে তারা সরকারি চাকরি পেয়েছেন বলেও অভিযোগ করা হয়েছে। পরবর্তীতে রাজনৈতিক প্রভাব ব্যবহার করে বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ড ও চাকরি-সংক্রান্ত তদবিরে তারা জড়িত ছিলেন বলে অভিযোগকারীরা দাবি করেন।
অভিযোগের সমর্থনে দেওয়া কয়েকটি ফেসবুক স্ক্রিনশটে ‘Ziaul Haque’ নামের একটি অ্যাকাউন্ট থেকে ২০২৩ সালের জুলাইয়ে শফি আহমেদের একটি পোস্ট শেয়ার করার বিষয় দেখা যায়। এছাড়া অপর একটি পোস্টে শফি আহমেদকে নিয়ে প্রশংসাসূচক বক্তব্য ও ছবি রয়েছে। তবে এসব সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টের ভিত্তিতে জিয়াউল হকের রাজনৈতিক সংশ্লিষ্টতা কিংবা চাকরি পাওয়ার ক্ষেত্রে শফি আহমেদের প্রভাব ছিল—এমন দাবি নিশ্চিতভাবে প্রমাণিত হয় না।
অভিযোগকারীরা আরও বলেন, রাজনৈতিক পটপরিবর্তনের পরও সংশ্লিষ্ট ব্যক্তিরা বিভিন্ন মহলে যোগাযোগ ও তদবিরের মাধ্যমে সুবিধা নেওয়ার চেষ্টা করছেন। তারা বিষয়টি তদন্ত করে অভিযোগের সত্যতা যাচাই এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
অভিযোগের বিষয়ে জিয়াউল হক বলেন, তার বিরুদ্ধে আনা অভিযোগগুলো ভিত্তিহীন। তিনি কীভাবে চাকরি পেয়েছেন, সে বিষয়েও তিনি বিস্তারিত জানেন না বলে দাবি করেন।
এ বিষয়ে নেত্রকোনার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ওয়াহিদুজ্জামান বলেন, অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।










